
শেষ আপডেট: 7 July 2022 11:41
দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বের (UK PM) দৌড়ে এবার ভারতীয় বংশোদ্ভূত (Indian origin) ঋষি সুনক (Rishi Sunak)। মঙ্গলবার বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি অনাস্থা জানিয়ে তাঁর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন চ্যান্সেলর ঋষি সুনক সহ আরও দুই মন্ত্রী। তারপর থেকেই জল্পনা, প্রথমবারের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে পারেন ভারতীয় বংশোদ্ভূত ৪২ বছর বয়সি ব্যবসায়ী ঋষি।
২০১৫ সালে রিচমন্ড কেন্দ্রের কনজার্ভেটিভ পার্টির সাংসদ নির্বাচিত হন ঋষি। এর আগে ব্রিটেনের অর্থমন্ত্রকের চিফ সেক্রেটারি ছিলেন তিনি। এরপর ২০২০ সাল থেকে সামলাচ্ছিলেন ব্রিটেনের চ্যান্সেলরের দায়িত্ব। অবশেষে গত মঙ্গলবার টুইটারে পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি।
ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি ও সুধামূর্তির মেয়ে অক্ষতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঋষি। তাঁর স্নাতক স্তরের পড়াশোনা উইনচেস্টার কলেজ থেকে। এরপর অর্থনীতি, দর্শন ও রাজনীতি নিয়ে পড়াশোনা করেছেন বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। এমবিএ করেছেন আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। স্ট্যানফোর্ডে পড়ার সময়েই অক্ষতার সঙ্গে আলাপ তাঁর।
ঋষির বাবা ছিলেন চিকিৎসক। মা ছিলেন পেশায় একজন ফার্মাসিস্ট। রাজনীতিতে আসার আগে চাকরি করেছেন নামী ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সংস্থায়। তারপর নিজের সংস্থাও খুলেছিলেন তিনি। এরপরেই পা রাখেন রাজনীতিতে। ব্যক্তিগত জীবনে মদ্যপান করেন না এই রাজনীতিবিদ। কোভিড বিধি লঙ্ঘন করে জনসভা করার জন্য তাঁকে একবার জরিমানাও দিতে হয়েছিল। তবুও, ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নতুন প্রজন্মের নেতাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ঋষি। এখন প্রধানমন্ত্রীর কুর্শি সত্যিই তাঁর দখলে আসে কিনা, তা দেখতে মুখিয়ে বিশ্ব-রাজনীতি।
বরিস জনসন আজই ইস্তফা দিতে পারেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত ঋষি