দ্য ওয়াল ব্যুরো: আগেই ঘোষণা হয়েছিল। সোমবার সন্ধেবেলা ম্যানিলার মঞ্চে রমন ম্যাগসাইসাই পুরস্কার নিলেন সাংবাদিক রবীশ কুমার। এনডিটিভির ম্যানেজিং এডিটর রবীশ ছাড়াও পুরস্কৃত করা হয়েছে আরও চারজনকে। নিজের বক্তৃতায় তিনি ভারতের সংবাদ মাধ্যমের সঙ্কটের কথা তুলে ধরেন।
রবীশ বলেন, "এই আনন্দের দিনেও আমায় বলতেই হচ্ছে, ভারতীয় মিডিয়া ঘোর সঙ্কটের মধ্যে দিয়ে চলছে।" তাঁর কথায়, "তবে এই অন্ধকারের মধ্যেও একটা রুপোলি রেখা হচ্ছে এই যে, কিছু সাংবাদিক নিজেদের কেরিয়ারের কথা না ভেবেই খবর সামনে আনার কাজ করছেন।"
দীর্ঘদিন ধরেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব রবীশ। তবে ম্যানিলার মঞ্চে কারও নাম করেননি তিনি। পর্যবেক্ষকদের মতে, নাম না করলেও বুঝতে অসুবিধে হচ্ছে না তাঁর তির কোন দিকে। তিনি আরও বলেন, "একাংশের সংবাদমাধ্যম হোয়াটস অ্যাপ ইউনিভার্সিটিকে তাদের সূত্র বানিয়ে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়ানো ভুয়ো ও বিকৃত খবরকেই পরিবেশন করছে। গভীরে যাচ্ছে না। সত্যতা যাচাই করছে না। যা আসলে সাংবাদিকতার মূল ধারনাকেই আঘাত করছে।"
এশিয়ার নোবেল বলে পরিচিত ম্যাগসাইসাই পুরস্কার মঞ্চে নিজের বক্তৃতায় কাশ্মীর প্রসঙ্গও তোলেন রবীশ। বলেন, "ওখানে ইন্টারনেট বন্ধ। সংবাদমাধ্যমের উপর নিয়ন্ত্রণ চলছে। দেশের বেশির ভাগ সংবাদমাধ্যমই সরকারের পক্ষে দাঁড়িয়েছে। আর যারা প্রশ্ন তুলেছে, তাদের বিরুদ্ধে নেমে পড়েছে ট্রোল বাহিনী।"