দ্য ওয়াল ব্যুরো : দু'বছর আগে দুবাই বিমান বন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে দু'টি আম তুলে নিয়েছিলেন জনৈক ভারতীয়। তিনি দুবাই এয়ারপোর্টেই কাজ করতেন। সংযুক্ত আরব আমিরশাহির আদালত সোমবার বিরাট অঙ্কের জরিমানা করেছে তাঁকে। একইসঙ্গে ওই ভারতীয়কে দেশে ফেরত পাঠাতেও বলা হয়েছে।
স্থানীয় সংবাদপত্র খালিজ টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, ২৭ বছর বয়সী ওই ভারতীয় দুবাই এয়ারপোর্টের তিন নম্বর টার্মিনালে কাজ করতেন। তাঁর ডিউটি ছিল যাত্রীদের মালপত্র কনভেয়ার বেল্টে তুলে দেওয়া। ২০১৭ সালের ১১ অগস্ট দুবাই থেকে বিমানে ভারতে একটি ফলের বাক্স পাঠানোর কথা ছিল। ভারতীয় কর্মীটি সেই বাক্স থেকে দু'টি আম চুরি করেছিলেন।
২০১৮ সালের এপ্রিলে পুলিশ তাঁকে গ্রেফতার করে। জেরায় তিনি বলেন, আমি তৃষ্ণার্ত ছিলাম। কাছাকাছি কোথাও জল পাওয়া যাচ্ছিল না। তাই এক যাত্রীর ফ্রুট বাস্কেট খুলে আম চুরি করেছিলাম।
সিসিটিভিতে ওই ভারতীয়কে ফল চুরি করতে দেখা গিয়েছে। দু'টি আমের দাম ছিল প্রায় ছয় দিরহাম। কিন্তু চুরির জন্য তাঁকে জরিমানা করা হয়েছে ৫ হাজার দিরহাম। তিনি ওই রায়ের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে আপিল করতে পারবেন।