দ্য ওয়াল ব্যুরো: ফ্রান্স খেলবে ফুটবল ওয়ার্ল্ড কাপের ফাইনাল। আর ভারতের ফিফা র্যাঙ্কিং ৯৭। কিন্তু অর্থনীতিতে ভারত ছাপিয়ে গেল ফ্রান্সকে। ভারতের অর্থনীতি এখন বিশ্বের মধ্যে ষষ্ঠ বৃহত্তম।
অর্থনীতির নিরিখে ভারতের চেয়ে এগিয়ে আছে মাত্র পাঁচটি দেশের অর্থনীতি। এরা হল আমেরিকা, চিন, জাপান, জার্মানি ও ব্রিটেন। তবে ব্রিটেনের থাকে সামান্যই পিছিয়ে ভারতের অর্থনীতি। ওয়াকিবহাল মহলের অনুমান, আর কিছুদিন পরেই ভারত ছাড়িয়ে যাবে ব্রিটেনকেও।
২০১৬ সালের পর থেকেই কমে গিয়েছিল দেশের অর্থনৈতিক বৃদ্ধি। বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করেছিলেন, নরেন্দ্র মোদীর নোটবন্দীকে। পরে ভ্যাট নিয়েও অভিযোগ করেছিলেন অনেকে। বলেছিলেন, তড়িঘড়ি ভ্যাট চালু করতে গিয়ে দেশের অর্থনীতিকে ধাক্কা দিয়েছেন মোদী।
তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াল ভারতের অর্থনীতি। বিশ্ব ব্যাঙ্কের মতে এই বছর ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হার ছিল ৭.৪ শতাংশ। ২০১৯ এ এই হার বেড়ে হবে ৭.৮ শতাংশ। তুলনায় গোটা বিশ্বের অর্থনীতির গড় বৃদ্ধি ৩.৯ শতাংশ।
এই মুহূর্তে ভারতের মোট জাতীয় উৎপাদন হল ২ লক্ষ ৫৯ হাজার কোটি ডলার। তুলনায় ব্রিটেন ও ফ্রান্সের মোট জাতীয় উৎপাদন যথাক্রমে ২ লক্ষ ৬২ হাজার ও ২ লক্ষ ৫৮ হাজার কোটি টাকা।
লন্ডনের উপদেষ্টা সংস্থা সেন্টার ফর ইকনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের মতে ২০৩২ সালের মধ্যেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে ভারতই।
তবে ভারতের জনসংখ্যা ১৩৪ কোটি। তুলনায় ফ্রান্সে বাস করেন মাত্র ৬ কোটি ৭ লক্ষ মানুষ। ফলে মোট জাতীয় আয়ের ক্ষেত্রে ভারত ফ্রান্সকে ছাপিয়ে গেলেও, ফ্রান্সের জনপ্রতি মোট জাতীয় আয়ের প্রায় ভারতের ২০ গুণ।