
শেষ আপডেট: 27 July 2023 08:00
দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে এই প্রথম সমস্যায় পড়লেন ভারতীয় ক্রিকেটাররা (Indian cricketers)। টেস্ট সিরিজে ভারতীয় দল জিতেছে। এবার শুরু হবে ওয়ান ডে সিরিজ।
তার আগে ভারতীয় দলের ক্রিকেটারদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বুধবার ওয়েস্ট ইন্ডিজের সময় রাত ১১ টা নাগাদ ত্রিনিদাদ (Trinidad air Port) থেকে বার্বাডোজ বিমান ধরার কথা ছিল। কিন্তু রাত তিনটে পেরিয়ে যেতেও ফ্লাইট ছাড়েনি। এই নিয়ে অভিযোগ জানান দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বিমান বন্দর থেকেই ইমেল করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI ) পুরো বিষয়টি অবহিত করেন।
বুধবার দলের অনুশীলন হয়নি। আজ বৃহস্পতিবার হবে কিনা ঠিক নেই। সারা রাত ঘুমই হয়নি দলের ২২ জন ক্রিকেটারের। ত্রিনিদাদ হোটেল থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মারা রাত সাড়ে আটটায় বেরিয়েছিলেন। তারপর সারা রাত বিমানবন্দরে কাটিয়ে আজ ভারতীয় সময় সকাল সাতটায় হোটেলের ঘরে গা এলিয়ে দিতে পেরেছেন।
ভারত টেস্ট সিরিজে ১-০ ফলে জিতেছে। ওয়ান ডে সিরিজটা বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই যে সামনে ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে। তাই এশিয়া কাপের আগে সিরিজ জিতে রাখলে আত্মবিশ্বাস অনেকটা বাড়বে টিম ইন্ডিয়ার।
আরও পড়ুন: চার মিনিটে ৪ গোল! বলাগড়ের টালির চালে উঁকি মারছে স্বপ্ন, দীপেশের চোখ ভারতের জার্সিতে