
শেষ আপডেট: 11 June 2023 13:57
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে বাঘ, বিদেশের মাটিতে বেড়াল। সেই প্রবাদ যেন ঘুরেফিরে আসছে ভারতীয় দলের ক্ষেত্রে। এত হাঁকডাক করার পরেও দশবছর কোনও আইসিসি ট্রফি নেই। শেষ এসেছিল ২০১৩ সালে এম এস ধোনির অধিনায়কত্বে। তারপর কোচ বদল হয়েছে, অধিনায়ক বদল হলেও ভাগ্যের বদল ঘটেনি। ট্রফি আসেনি আইসিসি-র।
দক্ষিণ আফ্রিকা যেমন ফাইনালে এসে হারত, তেমনি ভারতীয় দলও ফাইনালে এসে হারল দু’বারই। তার মধ্যে আইপিএল খেলে দলের ক্রিকেটাররা সবাই ক্লান্ত ছিলেন। তাঁরা সেই ধকল নিতে পারেননি। এই আশঙ্কাই করেছিলেন কোচ রাহুল দ্রাবিড়। তিনি পইপই করে এই বিষয়ে বোর্ড কর্তাদের বললেও তাঁর কথা কানেই তোলেননি।
ওভালের পাঁচদিনের ম্যাচে দেখা গিয়েছে আইপিএলে ভাল খেলা তারকারাই এই ম্যাচে রীতিমতো ডুবিয়েছেন। শুভমান গিলের কথা প্রথমেই চলে আসবে। তিনি আইপিএলে মোট ১৭ ম্যাচে ৮৯০ রান করেছেন, যার মধ্যে তিনটি সেঞ্চুরি ছিল, চারটি হাফসেঞ্চুরি। রান সমুদ্রে স্নান করে এসে আসল মঞ্চে দলকে ডুবিয়েছেন।
বিরাট কোহলির ক্ষেত্রেও কথাটি সমান প্রযোজ্য। তাঁকে কেন্দ্র করেই ভারতীয় দলের সাফল্য-ব্যর্থতা নির্ভর করে থাকে। কোহলি ওভাল টেস্টে দুই ইনিংস মিলে করেছেন ৬৩ রান। যেখানে আইপিএলে করে এসেছেন ১৪ ম্যাচে ৬৯০ রান।
দলের একনম্বর পেসার মহম্মদ শামির কথাও চলে আসে। তিনি আইপিএলে সেরা বোলারের মর্যাদা পেয়েছেন। অথচ ওভাল টেস্টে তাঁর নামের পাশে অশ্বডিম্ব। তিনি কোনও সুবিধেই করতে পারেননি।