
শেষ আপডেট: 10 March 2023 14:38
দ্য ওয়াল ব্যুরো: মেয়ের বয়স তিন বছর। অথচ গত দেড় বছর ধরে সে রয়েছে জার্মান চাইল্ড কেয়ার সার্ভিসের হেফাজতে। একরত্তি শিশুকে মা বাবার থেকে কেড়ে নিয়েছে জার্মান সরকার। নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও নানান কারণে বাবা মায়ের হাতে বাচ্চাকে তুলে দিচ্ছে না জার্মানির সরকার। সন্তানকে (Daughter) ফিরে পেতে সেই ভারতীয় দম্পতি (Indian couple) এবার ভারত সরকারের দ্বারস্থ হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi) এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আর্জি জানিয়েছেন যাতে এই বিষয়ে ভারত সরকার হস্তক্ষেপ করে এবং দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করে।
ভারতীয় দম্পতির মতে জার্মানি (Germany) এবং ভারতের সাংস্কৃতিক পার্থক্য আছে। সেকারণে জার্মান কর্তৃপক্ষকে ভারতীয় আচার-আচরণ বোঝাতে পারেননি তাঁরা। সেই ভুল বোঝাবুঝির কারণেই শিশুটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দিতে দ্বিধা করছে জার্মান সরকার।
২০২১ সালের ঘটনা। কর্মসূত্রে জার্মানিতেই থাকতেন এই ভারতীয় দম্পতি। খেলতে গিয়ে তাঁদের মেয়ে গোপনাঙ্গে আঘাত পেয়েছিল। ডাক্তারের কাছে নিয়ে গেলে, তিনি জানান, বাচ্চার কিছুই হয়নি। যদিও সেই ডাক্তারই সেখানকার চাইল্ড সার্ভিসকে ডেকে পাঠিয়েছিলেন বলে সূত্রের খবর। যৌন হেনস্থার দায়ে তারা বাচ্চা মেয়েটিকে হেফাজতে নিয়েছিল। বিষয়টি নিয়ে তদন্ত হলে তারা নির্দোষ প্রমাণিত হন। কিন্তু বাচ্চাকে তাঁদের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি।
ভারতীয় দম্পতি বলেছেন, 'দুই দেশের সাংস্কৃতিক পার্থক্য রয়েছে। কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের ব্যাখ্যা দিতে পারছি না। তাই আমরা প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করছি যে ওকে আমাদের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করুন'।
কলকাতা মেডিক্যালে মৃত্যু হুগলির শিশুর, জ্বর-সর্দি নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে