
শেষ আপডেট: 17 June 2023 06:27
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের সমস্যা মিটলেও ঝুলে রইল ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভাগ্য! এবছর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ। কিন্তু পাকিস্তান, এদেশে এসে খেলবে কিনা সে নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হল। ফলে সূচি তৈরিতে সমস্যায় পড়ছে আইসিসি।
পাকিস্তান, ভারতে এসে খেলবে কিনা তা ঠিক করার দায়িত্ব পাক ক্রিকেট বোর্ডের নেই, রয়েছে সরকারের! পিসিবি চেয়ারম্যান নাজম শেঠির কথায় ফের নতুন করে চর্চা শুরু হল। পাক ক্রিকেট বোর্ডের সভাপতির কথায়, 'আমরা আইসিসিকে জানিয়েছে, আমরা খেলব কিনা সেটা আমরা বলতে পারব না। আমাদের সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নিতে হবে।'
আমদাবাদে ভারত-পাক ম্যাচের ভেন্যু ঠিক করেছিল আইসিসি। কিন্তু পাকিস্তান প্রথমে দাবি করেছিল, আমদাবাদে খেলবে না তারা। কেন খেলবে না সেব্যাপারে কোনও স্পষ্ট মত জানায়নি। আইসিসি ও বিসিসিআইয়ের যদিও ইচ্ছা ছিল ভারত-পাক ম্যাচ আমদাবাদে করাতে। কারণ দর্শক সংখ্যা বেশি হবে।
পরে অবশ্য পাকিস্তানের দাবি মেনে নিয়ে আইসিসির তরফে বিকল্প হিসেবে চেন্নাই বেছে নেওয়া হয়। সেই প্রস্তাব দেওয়া হয় পাক বোর্ডকে। কিন্তু তারপরও জট কাটল না। নাজাম শেঠি জানান, 'আমদাবাদে আমরা খেলব কি না সেটা পিসিবি বলতে পারবে না। সময় এলে জানা যাবে। আগে নিশ্চিত হোক আমরা খেলতে যেতে পারব কি না।’
এদিকে আসন্ন এশিয়া কাপের জট কেটেছে অনেক আলোচনার পরে। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেল মেনে টুর্নামেন্টের সূচি তৈরি হয়েছে। যদিও এই এশিয়া কাপ নিয়ে বিস্তর সমস্যার সৃষ্টি হয়েছিল। ভারত স্পষ্ট জানিয়েছিল, তারা পাকিস্তানে দল পাঠাবে না। শেষে এশিয়া কাপের ক্ষেত্রে পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কাকে দ্বিতীয় ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়।