
শেষ আপডেট: 12 February 2023 10:57
দ্য ওয়াল ব্যুরো: জল্পনা চলছিলই, সেটাই এবার সত্যিই হতে চলেছে। রবিবার বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট (India vs Australia 3rd Test Match) ম্যাচ সরানো হচ্ছে ধর্মশালা (Dharamshala) থেকে। মাঠকে নতুন করে সাজানোর কাজ হচ্ছে। কিন্তু তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে সেই কাজ শেষ হবে না। তাই বাধ্য হয়েই ম্যাচ অন্য মাঠে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধর্মশালার বদলে কোথায় খেলবেন রোহিত-বিরাটরা? বিসিসিআই এ ব্যাপারে চূড়ান্ত কিছু জানায়নি। তবে সূত্রের খবর, ভারত ও অস্ট্রেলিয়া আগামী ১ মার্চ মোহালিতে তৃতীয় টেস্ট খেলতে পারে।
প্রকৃতির কোলে ধর্মশালার এই মাঠ যেন ছবির মতো সুন্দর। যেমন সুন্দর আবহাওয়া, তেমন মনোরম পরিবেশ--- সব মিলিয়ে এই মাঠে খেলার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। তবে গোটা মাঠ ও স্টেডিয়াম নতুন করে সাজানোর কাজ শুরু হয়েছে।
গত বছর বর্ষার পরেই এই কাজে হাত দেয় হিমাচলপ্রদেশ ক্রিকেট সংস্থা। কিন্তু এখন যা মাঠের ও পিচের অবস্থা তাতে ম্যাচ সরানো ছাড়া আর বিকল্প কোনও পথ নেই। বিসিসিআইয়ের তরফে একটি দল রবিবার মাঠের পরিস্থিতি খতিয়ে দেখতে ধর্মশালা যায়। সেই দলের এক সদস্যের কথায়, 'পিচের কাছে এখনও কিছুটা কাজ বাকি আছে।' মাঠ পরিদর্শনের পর বোর্ডের তরফ থেকে ম্যাচ সরানো একপ্রকার স্থির হয়ে যায়।
পাঠান জ্বরে কাবু টিম ইন্ডিয়া, শারুখের স্টেপে পা মেলালেন কোহলি-জাদেজা! দেখুন ভিডিও