দ্য ওয়াল ব্যুরো: নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরে মৃত্যু হলো দুই জঙ্গির। রবিবার ভোর রাত থেকে গুলির লড়াই চলছে উপত্যকায়। রবিবার সকালেও থামেনি। ইতিমধ্যে দুই জঙ্গিকে খতম করার খবর দিয়েছে কাশ্মীর পুলিশ।
https://twitter.com/KashmirPolice/status/1142607161878405122
গুলির লড়াই যেখানে হচ্ছে সেটি শোপিয়ান জেলার দারামদোরা কিগাম এলাকা বলে জানিয়েছে পুলিশ। জঙ্গিরা লুকিয়ে আছে, গোপন সূত্রে এই খবর পেয়ে কিগাম এলাকা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান। তল্লাশি চলাকালীন জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও।
https://twitter.com/ANI/status/1142616103970934786
শনিবারই বারামুলার বনিয়ার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জইশ কমান্ডার লুকমান নিকেশ হয়েছে বলে জানিয়েছে সেনা। তার সঙ্গেই খতম হয়েছে আরও কয়েক জন জইশ জঙ্গি।
শনিবার সকাল থেকেই বনিয়ারের বুজথালান এলাকা উত্তপ্ত হয়ে ওঠে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে। গোপন সূত্রে খবর পেয়ে এ দিন ওই এলাকায় জঙ্গি নিধন অভিযানে নেমেছিল জম্মু-কাশ্মীর লাইট ইনফ্যানট্রি, সিআরপিএফ ও রাজ্য পুলিশের স্পেশাল টিম। দিনভর চলে গুলির লড়াই। সেনা সূত্রে খবর, বুজথালানের নানা জায়গায় ঘাঁটি গেড়ে রয়েছে জইশ জঙ্গিরা। এ দিনের এনকাউন্টারে তাদের মধ্যে বেশ কয়েকজনকে খতম করা সম্ভব হয়েছে। রবিবারের সংঘর্ষও জারি রয়েছে।