দ্য ওয়াল ব্যুরো : ৪ কোটি ৭০ লক্ষ আমানতকারীকে গৃহঋণ পরিষেবা দেওয়ার জন্য জোট বাঁধল ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ও এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক। এইচডিএফসি থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ১ লক্ষ ৩৬ হাজার ব্যাঙ্কিং অ্যাকসেস পয়েন্টের মাধ্যমে গৃহঋণ প্রকল্পের সুবিধা পাবেন আমানতকারীরা। সেজন্য পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ও এইচডিএফসি ব্যাঙ্কের মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, যে সব এলাকায় বেশি ব্যাঙ্ক নেই এবং মানুষ গৃহঋণের সুবিধা পান না, সেখানে এবার থেকে এইচডিএফসি-র গৃহঋণ প্রকল্পগুলি সহজলভ্য হবে। মউ চুক্তিতে বলা হয়েছে, গৃহঋণ দেওয়ার জন্য সবরকম ব্যবস্থা করবে এইচডিএফসি। কিন্তু ওই ঋণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক।
মঙ্গলবার ইউনিয়ন ব্যাঙ্ক জানায়, তারা গৃহঋণের সুদ কমিয়েছে। তাদের গৃহঋণে সুদের ন্যূনতম হার এখন ৬.৪০ শতাংশ। এই নতুন হার প্রযোজ্য হবে ২৭ অক্টোবর থেকে।