দ্য ওয়াল ব্যুরো: বাবাকে সিবিআই গ্রেফতার করে বাড়ি থেকে নিয়ে যাওযার পরেই সাংবাদিকদের মুখোমুখি হলেন চিদম্বরম-পুত্র কার্তি চিদম্বরম। এই পুরো ঘটনাটি কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই করা হলো বলে তোপ দাগলেন কার্তি। কিছু লোক এর থেকে ‘ভয়ারিস্টিক প্লেজ়ার’ পাচ্ছেন বলেও মন্তব্য করেন কার্তি।
কার্তি নিজেও আইএনএক্স মিডিয়ার এই মামলায় অভিযুক্ত। তিনি এই মামলায় কিছুদিন জেলেও ছিলেন। আপাতত তিনি জামিনে মুক্ত। কার্তি এক জন সাংসদও।
বুধবার সন্ধে থেকেই একাধিক টুইট করেন কার্তি। পরে কার্তি সাংবাদিকদের বলেন, “এটি ২০০৮ এর ঘটনা। ২০১৭ এফআই আর। আমার কাছে বার বার সিবিআইয়ের টিম এসেছে।। প্রতিবার ১০ ঘণ্টা করে আমাকে জেরা করা হয়। কিন্তু এত কিছুর পরেও ২০১৯ এ-ও চার্জশিট হয়নি।" কয়েক জন এর থেকে ভয়ারিস্টিক প্লেজ়ার পাচ্ছেন বলে মন্তব্য করে কার্তি বলেন, "দেশের অন্য সিরিয়াস ইস্যু থেকে চোখ ঘোরানোর জন্য এ সব করা হচ্ছে।” কার্তি এ-ও বলেন যে তাঁরা তদন্তকারী এজেন্সি সিবিআই ও ইডি-র সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন।
https://twitter.com/CNBCTV18Live/status/1164200417086984193