টদ্য ওয়াল ব্যুরো: মাথার উপর ক্রেডিট কার্ডের আট লক্ষ টাকার বিল। অথচ বিল মেটানোর টাকা নেই। তার উপর সারাদিন ধরে ব্যাঙ্ক থেকে আসছে ধার শোধ করতে বলে অসংখ্য ফোন। এই স্ট্রেস সামলাতে না পেরে আত্মঘাতী হলেন এক যুবক। সোমবার গভীর রাতে মেয়েকে কোলে নিয়ে ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। দিল্লির সহোদরা জগতপুরী এলাকার এই ঘটনায় যুবকের মৃত্যু হলেও বেঁচে গেছে বাচ্চাটি।
স্বামীকে ছাদ থেকে ঝাঁপ দিতে দেখে লাফিয়ে পড়েন স্ত্রী মনজিৎ কাউরও। কিন্তু তাঁর চোট গুরুতর নয়। পুলিশকে মৃত যুবকের স্ত্রী জানিয়েছেন, সুরেশ কুমার গুরুগ্রামের একটি প্রাইভেট সংস্থায় কাজ করতেন। সুরেশ জগতপুরীতে তাঁর শ্বশুরের বাড়িতে থাকতেন। শ্বশুর থাকেন পাঞ্জাবে। একাধিক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করতেন সুরেশ। দেনার বোঝা বাড়তে বাড়তে আট লক্ষ টাকা হয়ে যায়। বিল আসতে থাকে। আর আসতে থাকে ফোন ও মেসেজ। অভিযোগ, অনেক ক্ষেত্রে ভয় দেখিয়ে হুমকি ফোনও করা হয়েছে। এ সবে দিশেহারা হয়ে পড়েন সুরেশ।
ছাদ থেকে তিন জনেই ঝাঁপিয়ে পড়ার একটু পরেই আশপাশের লোকজন দেখতে পান। তাঁরাই পুলিশে খবর দেন। স্থানীয় জিটিবি হাসপাতালে নিয়ে গেলে সুরেশকে মৃত ঘোষণা করেন ডাক্তারেরা। তাঁর মেয়ের দুই পা-ই ভেঙে গেছে। স্ত্রী মনজিৎও জখম হয়েছেন। তবে স্ত্রী ও মেয়ে স্থিতিশীল বলে জানানো হয়েছে। ময়না তদন্তের পর সুরেশের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। খুনের চেষ্টার একটি মামলা রুজু করেছে পুলিশ।