দ্য ওয়াল ব্যুরো: কুয়েতে বিমান চাপা পড়ে মৃত্যু হলো কেরলের এক যুবকের। সোমবার ঘটনাটি ঘটেছে কুয়েত বিমানবন্দরে।
সূত্রের খবর, কুয়েত এয়ারওয়েজ়ের টেকনিক্যাল স্টাফ হিসেবে কাজ করতেন আনন্দ রামচন্দ্রন (৩৬)। কুয়েত এয়ারওয়েজ়ের একটি বোয়িং ৭৭৭ কে টো করে এয়ারপোর্ট ইয়ার্ড থেকে ৪ নম্বর টার্মিনালে নিয়ে যাওয়া হচ্ছিল।বিমানে কোনও যাত্রী ছিলেন না। কাছেই দাঁড়িয়ে প্রক্রিয়াটি তদারকি করছিলেন আনন্দ। সেই সময় বোয়িংয়ের চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। বুধবার তাঁর দেহ দেশে ফিরিয়ে আনা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
কুয়েত এয়ারওয়েজ় তাদের টুইটারে জানিয়েছে, তারা এই ঘটনায় অত্যন্ত দুঃখিত। কী করে এমন হলো তা দেখতে তদন্ত করা হচ্ছে। আনন্দ রামচন্দ্রন ২০০৮ সাল থেকে ওই সংস্থায় কাজ করছিলেন। তাঁর স্ত্রী ও চার বছরের শিশুকন্যা রয়েছে।
বিমানের নীচে চাপা পড়ে মৃত্যুর বেশ কিছু ঘটনা সম্প্রতি ঘটেছে। তার মধ্যে গত বছরের নভেম্বরে মস্কোর একটি ঘটনা খুবই মর্মান্তিক। স্পেন থেকে নিজের দেশ আর্মেনিয়ায় ফেরত পাঠানো হচ্ছিল বছর পঁচিশের এক যুবককে। মস্কোয় বিমান বদলানোর সময় তিনি পালিয়ে সোজা মস্কো বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েন। সেই সময় মস্কো থেকে এথেন্স যাচ্ছিল একটি বোয়িং বিমান। টেক অফ করার জন্য সেটি তীব্র গতিতে রানওয়ে ধরে ছুটছিল। সেই বিমানের চাকার তলায় পিষ্ট হন সেই যুবক।