দ্য ওয়াল ব্যুরো: ইবোলার ড্রাগ রেমডেসিভির করোনা আক্রান্ত রোগীদের উপরেও কার্যকরি হবে এমন দাবি করেছে এই ওষুধের নির্মাতা সংস্থা গিলেড সায়েন্সেস। ভারতেও এই ওষুধের প্রয়োগ করোনা রোগীদের উপর করা হয়েছিল বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এদিন বিকেলের বৈঠকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এরএপিডেমোলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজিজের প্রধান রমন আর গঙ্গাখেদকার বলেছেন, ট্রায়াল নয়, আক্রান্তদের চিকিৎসার জন্যই ব্যবহার করা হয়েছিল রেমডেসিভির। তাতে দেখা গেছে, ৬৮ শতাংশ রোগীর শ্বাসের সমস্যা কমিয়েছে এই ওষুধ।
দিল্লির গঙ্গারামপুর ও ম্যাক্স হাসপাতালের কোভিড-১৯ পজিটিভ রোগীদের উপরে রেমডিসিভির প্রয়োগ করা হয়েছিল। গঙ্গাখেদকার বলেছেন, যে রোগীদের উপরে এই ওষুধ প্রয়োগ করা হয়েছিল তাঁদের শ্বাসকষ্ট অনেকটাই কমেছে। তিনি জানান, রেমডেসিভিরের হিউম্যান ট্রায়াল চালাচ্ছে গিলেড সায়েন্সেস। ৫৫০০ রোগীর উপরে এই ড্রাগের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। পাঁচ দিন ও দশ দিনের ভিত্তিতে এই ড্রাগের ডোজ দেওয়া হচ্ছে রোগীদের। তবে সেই ট্রায়ালের রেজাল্ট এখনও সামনে আনেনি ওই সংস্থা।
“করোনা রোগীদের উপরে রেমডেসিভির ওষুধের কার্যকারিতা যদি প্রমাণিত হয় তাহলে এই ওষুধের পেটেন্ট পুলিং করার প্রয়োজন হতে পারে,” বলেছেন আইসিএমআরের বিজ্ঞানী গঙ্গাখেদকার। তাঁর মতে, এই ওষুধের নির্মাতা যেহেতু গিলেড সায়েন্সেস, তাই তাদের অনুমোদন পেলেই ওষুধের পেটেন্ট আরও অন্যান্য ফার্মা কোম্পানিগুলির কাছে যাবে।
https://twitter.com/PIB_India/status/1251458368402677760
গিলেড সায়েন্সেস জানিয়েছিল, রেমডেসিভির নিউক্লিওটাইড অ্যানালগ (Nucleotide Analog)। আরএনএ ভাইরাসের প্রতিলিপি তৈরির ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে এই অ্যান্টি-ভাইরাল ড্রাগ। তাই ইবোলার উপরেও এই ওষুধ কার্,করি হবে বলে মনে করা হয়েছিল। কিন্তু আদতে দেখা যায় ইবোলা আক্রান্তদের উপরে এই ড্রাগ তেমনভাবে কাজ করেনি। অথচ পরবর্তীকালে সার্স ও মার্স রোগীদের উপর এই ওষুধ ভালভাবে কাজ করে। আইসিএমআর জানিয়েছে, গত দু-তিন সপ্তাহে রেমডেসিভিরের উপকারিতার কথা শুনেই এই ওষুধ রোগীদের উপরে প্রয়োগ করা হয়েছিল। কিছুটা ভাল ফল পাওয়া গেছে, তবে গিলেড সায়েন্সের রিপোর্ট পাওয়ার পরেই এই ওষুধের সার্বিক প্রয়োগ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এই ড্রাগের ফেজ-৩ ট্রায়াল হয়ে গেছে। পশুদের উপর এর প্রভাব কার্যকরী। চারজন করোনা আক্রান্ত রোগীর উপরেও এই ড্রাগ কাজ করেছে।