দ্য ওয়াল ব্যুরো : ভারতে করোনা মহামারী নিয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গবেষণাপত্র প্রকাশিত হল সোমবার। তাতে মন্তব্য করা হয়েছে, জনসংখ্যার নিরিখে অতিমহামারীর মোকাবিলায় ভালই কাজ করেছে ভারত। দেশের ২০ টি বড় রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে এপ্রিল থেকে অক্টোবর অবধি তথ্য সংগ্রহ করেছিল এসবিআই। তাতে প্রথম দফায় বিচার করে দেখা হয়, বিভিন্ন রাজ্যে কত সংখ্যায় টেস্ট করা হয়েছে। দ্বিতীয় দফায় বিচার করা হয়, যতজনের টেস্ট হয়েছিল, তাঁদের মধ্যে কতজনের করোনা পজিটিভ এসেছে।
রিপোর্টে বলা হয়েছে, ভারতে করোনা পজিটিভের সংখ্যা ৮৪ লক্ষ ৪৯ হাজার। যদিও সরকারি সূত্রে বলা হয়েছে, দেশে আক্রান্ত হয়েছেন ৮১ লক্ষ ৮০ হাজার মানুষ। স্টেট ব্যাঙ্কের চিফ ইকনমিক অ্যাডভাইসার সৌম্যকান্তি ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, কেরল, ছত্তিসগড়, দিল্লি ও তামিলনাড়ুর মতো রাজ্য যথাযথভাবে অতিমহামারীর মোকাবিলা করতে পারেনি। সেখানে যতজন আক্রান্ত হয়েছে, তার চেয়ে কম হিসাব করা হয়েছে।" একইসঙ্গে রিসার্চ পেপারে বলা হয়েছে, "উত্তরপ্রদেশ, বিহার, গুজরাত এবং ঝাড়খণ্ডের মতো রাজ্য কোভিড মোকাবিলায় ভাল কাজ করেছে।"
ভারতে কোভিড সংক্রমণ শীর্ষে পৌঁছয় ১৬ সেপ্টেম্বর। এখন দৈনিক সংক্রমণ ৫০ হাজারের আশপাশে ঘোরাফেরা করছে। রোজ আক্রান্তের চেয়ে বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে আজ ৯ নভেম্বর সোমবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫,৫৩,৬৫৭। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ১,২৬,৬১১ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৯,১৭,৩৭৩ জন। ভারতে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫,০৯,৬৭৩।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫,৯০৩ জন। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৯০ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪৮,৪০৫ জন। গতকালের তুলনায় আজ দেশে অ্যাকটিভ কেস কমেছে ২৯৯২।
দেশে এখন সুস্থতার হার ৯২.৫৬ শতাংশ। আর মৃত্যুহার ১.৪৮ শতাংশ।
মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,১৯,৮৫৮ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৫,২৪০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৫,৭৭,৩২২ জন। মহারাষ্ট্রে এখন অ্যাকটিভ কেস ৯৭,২৯৬।
কর্নাটকে করোনা আক্রান্তের সংখ্যা ৮,৪৬,৮৮৭। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ১১,৩৯১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৮,০১,৭৯৯ জন। কর্নাটকে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৩,৬৯৭।
অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮,৪২,৯৬৭। কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৭৯১ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮,১৪,৭৭৩ জন। অন্ধ্রপ্রদেশে অ্যাকটিভ কেস ২১,৪০৩।
তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭,৪৩,৮২২ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১১,৩৪৪ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭,১৩,৫৮৪ জন। তামিলনাড়ুতে অ্যাকটিভ কেস ১৮,৮৯৪।
উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৯৭,৫৬৩। সংক্রমণে মৃত্যু হয়েছে ৭২০৬ জনের। সুস্থ হয়েছেন ৪,৬৭,১০৮ জন। উত্তরপ্রদেশে অ্যাকটিভ কেস ২৩,২৪৯।
দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৩৮,৫২৯। সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৯৮৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩,৮৯,৬৮৩ জন। রাজধানী শহরে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪১,৮৫৭।