দ্য ওয়াল ব্যুরো: মাটির নীচে নিকাশি পরিষ্কার করতে গিয়ে ফের মৃত্যু হলো পাঁচ সাফাইকর্মীর। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। প্রতি বছর সারা দেশে ম্যানহোল সাফ করতে গিয়ে মারা যান কিছু সাফাইকর্মী। এই নিয়ে নানা বিতর্ক হলেও সাফাইকর্মীদের নিরাপত্তা নিয়ে কোনও পদক্ষেপ করেনি কোনও সরকার। ভূগর্ভস্থ নিকাশি ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে মারা যান সাফাইকর্মীরা। দশকের পর দশক ধরে এই রকম ঝুঁকি নিয়ে তাঁদের কাজ করতে হয়। অথচ, কিছু সুরক্ষা বিধি মানলে এই সব মৃত্যু অনায়াসেই আটকানো যায়। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার মৃতদের প্রতি পরিবারকে ১০ লক্ষ টাকা করে এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
গাজিয়াবাদের নন্দগ্রামে মাটির নীচের নিকাশি সাফ করার জন্য নেমেছিলেন এক কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে নেমেছিলেন এক সাফাইকর্মী। তিনি অনেকক্ষণ পরেও উঠে না আসায় মাটির নীচে দেখতে যান আরও চার জন। আশপাশে যাঁরা দাঁড়িয়ে কাজ দেখছিলেন, তাঁরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে পাঁচ জনের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এই বছরের মার্চে বারাণসীতে ভূগর্ভস্থ নিকাশি সাফ করতে ম্যানহোলে নেমে দুই সাফাইকর্মীর মৃত্যু হয়। একটি বেসরকারি সংস্থা তাঁদের ম্যানহোলে নেমে কাজ করতে বলেছিল, কিন্তু অভিযোগ, তাঁদের কোনও গ্যাস মাস্ক দেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকারের একটি হিসেব অনুযায়ী, গত ২৫ বছরে ম্যানহোলে নেমে কাজ করতে গিয়ে ৮১৯ জন সাফাইর্মীর মৃত্যু হয়েছে। তার মানে গড়ে বছরে ৩০ জনের মৃত্যু। উত্তরপ্রদেশে চলতি বছরেই সাত জনের মৃত্যু হলো।