
শেষ আপডেট: 21 September 2020 18:30
আজকের বুলেটিনে দুটো ইতিবাচক দিক রয়েছে। প্রথমত, করোনায় মৃত্যুহার আরও কমেছে। কেন্দ্রের হিসেবে ১.৬০%। এখনও অবধি ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ৮৮ হাজার জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হাজারের বেশি। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, দেশে কোভিড রোগীদের বেশিরভাগই কো-মর্বিডিটির শিকার। ডায়াবেটিস ও হাইপারটেনশন এই দুই রোগ বেশি দেখা যাচ্ছে করোনা আক্রান্তদের মধ্যে। তাছাড়া, ক্রনিক লিভার ও কিডনির রোগ, সিওপিডিও রয়েছে অনেকের মধ্যেই।
দ্বিতীয়ত, কোভিড রিকভারি রেট তথা সুস্থতার হার আরও বেড়েছে। কেন্দ্রের হিসেবে ৮০.১২ শতাংশ। একদিনেই করোনা সারিয়েছেন এক লাখের বেশি রোগী। দেশে এখন কোভিড জয়ীদের সংখ্যা, ৪৪ লক্ষ ৯৭ হাজার ৮৬৭ জন।
https://twitter.com/ICMRDELHI/status/1308247067198799873
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানাচ্ছে, দেশে করোনা পরীক্ষা বেড়েছে। কনট্যাক্ট ট্রেসিং ও সেরো সার্ভে চলছে কয়েকটি রাজ্যে। করোনা রোগীদের দ্রুত চিহ্নিত করা হচ্ছে তাই চিকিৎসায় তাঁরা সেরেও যাচ্ছেন। করোনা পরীক্ষা বাড়ার কারণেই অনেক বেশি রোগীকে শনাক্ত করা যাচ্ছে, তাই আক্রান্তের সংখ্যাও বেশি দেখাচ্ছে বলে দাবি।
দেশে এখনও অবধি ৬ কোটির বেশি করোনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে আইসিএমআর। তাদের হিসেবে নমুনা পরীক্ষা হয়েছে ৬ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ৭৭৯টি। গতকালই স্যাম্পেল টেস্ট হয়েছে ৯ লাখের বেশি।