
শেষ আপডেট: 11 November 2020 18:30
করোনায় মৃত্যুহার আরও কমেছে। কেন্দ্রের হিসেবে কোভিড ডেথ রেট ১.৪৮ শতাংশ। সংক্রমণে একদিনে মৃত্যু হয়েছে ৫৫০ জনের, এই সংখ্যাও গত কয়েকদিনের তুলনায় কম। বরং সুস্থতার হার বেড়েছে দেশে। ৮০ লাখের বেশি কোভিড রোগী সংক্রমণ সারিয়ে উঠেছেন। রিকভারি রেটও আশা জাগাচ্ছে। আজ অবধি সুস্থতার হার প্রায় ৯৩ শতাংশ।
https://twitter.com/ICMRDELHI/status/1326732107004084224
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, কোভিড পজিটিভিটি রেট তথা সংক্রমণের হার কমেছে দেশে। গত সপ্তাহে কোভিড পজিটিভিটি রেট ৭ শতাংশে নেমে যায়। একদিনের হিসেবে সংক্রমণের হার ৪.২ শতাংশ। সংক্রমণের হার কমায় কোভিড আক্রান্তের সংখ্যাও কমবে বলেই মনে করা হচ্ছে। তবে চিন্তা বাড়ছে রাজধানীতে। দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে। সাড়ে আট হাজার ছাড়িয়ে গেছে নতুন সংক্রমণ। দেশের অন্যান্য রাজ্যগুলির তুলনায় যা অনেকটাই বেশি। সংক্রমণের হারও জাতীয় গড়ের থেকে প্রায় তিন গুণ বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলছেন, দেশে কোভিড টেস্ট আরও বেড়েছে। করোনা পরীক্ষার নিরিখে বিশ্বের দু’নম্বর জায়গায় আছে ভারত। আইসিএমআরের হিসেবে এ যাবৎ ১২ কোটির বেশি কোভিড টেস্ট হয়েছে। যার মধ্যে ৪৯ শতাংশ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং ৪৬ শতাংশ আরটি-পিসিআর টেস্ট। গতকালই ১২ লাখের কাছাকাছি নমুনা পরীক্ষা হয়েছে দেশে।