
শেষ আপডেট: 18 March 2023 10:37
দ্য ওয়াল ব্যুরো: বার বার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করেছে চিন। শান্তি চুক্তির পরেও শক্তি বাড়িয়ে চলেছে। শুক্রবার এমনটাই দাবি করেছিলেন ভারতের (India) সেনাপ্রধান মনোজ পাণ্ডে। তবে চিন সীমান্তে অশান্তি জিইয়ে রাখতে চাইলে ভারতও যে তার যোগ্য জবাব দিতে তৈরি তা স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
ইন্ডিয়া টুডে কনক্লেভের মঞ্চ থেকে চিন (China) ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রী। চিনকে কড়া আক্রমণ করে তিনি মনে করিয়ে দিয়েছেন, গালওয়ান সংঘর্ষের সময় ভারতও যোগ্য জবাব দিয়েছে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে যা দরকার, ভবিষ্যতে তার সবই করবে ভারত।
বিদেশমন্ত্রী বলেছেন, সীমান্তে ভারত ও চিনের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে। সীমান্তের পরিস্থিতি বিপজ্জনক (Dangerous) হয়ে আছে। শান্তি বৈঠকে সেনা পিছনোর কথা বললেও আদতে চিন সেনার সংখ্যা বাড়াচ্ছে। অস্ত্রশস্ত্রও মজুত করছে। সামরিক স্তরে দফায় দফায় বৈঠকের পরেও সীমান্ত সমস্যার সমাধানে এসে পৌঁছতে পারেনি ভারত ও চিন দুই দেশই। বরং সীমান্ত থেকে সেনা সরিয়ে শান্তি বজায় রাখার যে আলোচনা হয়েছিল দুই দেশের মধ্যে তার মর্যাদা ভেঙেছে চিনই। নতুন করে আগ্রাসনের চেষ্টা দেখিয়েছে তারা। যার কারণে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে লাদাখ সীমান্তে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা তথা এলএসি-তে কীভাবে স্থিতাবস্থা ফিরিয়ে আনা যায় সেই নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের বিদেশমন্ত্রীর। সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ মীমাংসার জন্য আলোচনা চলছে দু’তরফেই। প্যাঙ্গং থেকে সেনা সরলেও পূর্ব লাদাখের (Ladakh) সবকটি স্পর্শকাতর এলাকা থেকে চিন যে সেনা সরায়নি সে কথা মনে করিয়ে দিয়েছেন জয়শঙ্কর। সেই সঙ্গেই তিনি সাফ জানিয়েছেন, দুই দেশই শান্তিপূর্ণ সহাবস্থানে তখনই আসবে যখন বিশ্বাসের মর্যাদা রক্ষা হবে। লাদাখে সীমান্তে কোনও রকম বদল মেনে নেবে না ভারত।
প্রসঙ্গত ২০২০ সালে এপ্রিল মাস নাগাদ পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে একাধিক বার ভারতে প্রবেশের চেষ্টা করেছে চিনের সেনারা। সেই সময় ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন। চিনের প্রায় ৪০ জন সেনা নিহত হয়েছিল। সে সময় যদিও চিনের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল। তবে আবারও লাদাখ সীমান্তে চিনের শক্তি বৃদ্ধি ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
পাঁচ ভাষায় 'কেশরিয়া' গাইলেন ভারতীয় যুবক, মন ছুঁয়েছে মোদী-মাহিন্দ্রার, দেখুন ভিডিও