দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে স্কুল খোলার কথা দেশে। তবে পুরোপুরি নয়, কয়েকটি ক্লাস। এর আগেই চতুর্থ দফার আনলকে স্কুল খোলার ইঙ্গিত দিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। সেই মতো এ মাসের ৮ তারিখে শিক্ষা মন্ত্রক ঘোষণা করে, ২১ সেপ্টেম্বর থেকে আংশিক ভাবে স্কুল খোলা যেতে পারে, শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু সত্যিই কি আজ থেকে স্কুল খুলছে কোথাও, তা দেখা যাবে আজই।
লকডাউনের পরে ক্রমে স্বাভাবিক জীবনযাত্রার দিকে এগোচ্ছে দেশ। দোকানপাট, অফিসকাছারি খুলতে লেগেছে। এবার খোলার কথা স্কুলও। তবে আজ থেকে স্কুল খুললেও, পড়ুয়াদের স্কুলে আসা বাধ্যতামূলক নয় বলেই বলা আছে গাইডলাইনে। এটি সম্পূর্ণ ঐচ্ছিক বিষয়। কোনও ছাত্র বা ছাত্রী চাইলে স্বেচ্ছায় এবং অবশ্যই বাবা-মা তথা অভিভাবকের লিখিত অনুমতি নিয়ে স্কুলে আসতে পারে।
তবে আজ থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি খুললেও, অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রক কোনও ইঙ্গিত দেয়নি এখনও।
কেন্দ্রের বক্তব্য, নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন উচ্চশিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক-শিক্ষিকার সাহায্য ছাড়া বাড়িতে বসে সেই পড়াশোনা করা অনেকের পক্ষেই সম্ভব নয়। বিশেষ করে গ্রামীণ এলাকায় বা গরিব পরিবারের অনেকেরই সামর্থ্য নেই যে গৃহশিক্ষক রেখে পড়াশোনা করাবেন ছেলেমেয়েকে। সেই কারণেই তাদের জন্য স্কুল খোলার অনুমতি দেওয়া হল।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এক কর্তার কথায়, অনলাইনে পঠনপাঠন বিকল্প ব্যবস্থা মাত্র। সেটাই মূল ব্যবস্থা হয়ে উঠতে পারে না। ছাত্রছাত্রীরা শিক্ষক-শিক্ষিকার সান্নিধ্যে থেকে যত ভাল করে পাঠ নিতে পারেন তা অনলাইনে সব সময়ে সম্ভব হয় না। তাই শুধু গ্রাম বা পিছিয়ে পড়া এলাকার ছেলেমেয়েদের কথা ভেবে সরকার এই পদক্ষেপ করেনি, শহরের ছেলেমেয়েদের কথাও ভাবা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ ক্ষেত্রে স্কুলগুলিকে যে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে তা খুব শিগগির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্য সরকারগুলিকে জানিয়ে দেবে। স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের উপস্থিতি নিয়েও স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট নির্দেশ দিয়েছে। মন্ত্রকের তরফে বলা হয়েছে, কোনও নির্দিষ্ট দিনে শিক্ষক-অশিক্ষক কর্মী মিলিয়ে পঞ্চাশ শতাংশ কর্মী কেবল উপস্থিত থাকতে পারবেন।
কিন্তু এই সমস্ত নিয়মই এখনও খাতায় কলমে রয়েছে। আজ থেকে বাস্তবে তার কতটা প্রয়োগ হওয়া শুরু হয়, সেটাই এখন দেখার।