দ্য ওয়াল ব্যুরো : যোগাযোগ (Communication), বাণিজ্য (Trade) এবং আফগানিস্তানের পরিস্থিতি (Afgan Situation)। মূলত এই তিনটি বিষয় নিয়ে আলোচনা হবে ভারত সহ মধ্য এশীয় ছ'টি দেশের বৈঠকে। বৃহস্পতিবার ওই ভার্চুয়াল বৈঠকে অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে রয়েছে কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকস্তান। ওই পাঁচ দেশের শীর্ষ নেতাদের প্রজাতন্ত্র দিবসে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু নিজেদের দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জন্য তাঁরা আসতে পারেননি।
ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে, ভারত ও মধ্য এশীয় বিভিন্ন দেশ নিয়মিত বৈঠকে বসুক। তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার জন্য তৈরি হোক পৃথক সচিবালয়। পর্যবেক্ষকদের ধারণা, এর ফলে প্রতিরক্ষা ও পর্যটন ব্যবসার বিকাশ হবে। ইতিমধ্যে ভারতের সঙ্গে পাঁচটি মধ্য এশীয় দেশের মন্ত্রী পর্যায়ে যোগাযোগ রাখার জন্য 'ইন্ডিয়া-সেন্ট্রাল এশিয়া ডায়লগ' নামে একটি সংস্থা তৈরি হয়েছে। গত ডিসেম্বরে তৃতীয়বারের জন্য বৈঠকে বসে ওই সংস্থা। ভারত সেখানে বলেছে, মধ্য এশিয়ায় চিনের প্রভাব বৃদ্ধির বিরুদ্ধে ওই অঞ্চলের সব দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গেও আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে।
এদিন যে পাঁচটি দেশের সঙ্গে ভারতের বৈঠক হবে, তাদের মধ্যে কাজাখস্তান ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করে। ভারত থেকে ওই দেশে রফতানি করা হয় তেল। ২০২০-২১ সালে দুই দেশের মধ্যে ১৯০ কোটি ডলার বা ১৪ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। কাজাখস্তানে বর্তমানে আট হাজার ভারতীয় বাস করেন। তাঁদের মধ্যে আছেন পাঁচ হাজার ডাক্তারি ছাত্র। বর্তমানে রাষ্ট্রপুঞ্জের হয়ে লেবাননে শান্তিরক্ষায় নিযুক্ত আছে ভারতীয় সেনা। ভারতীয় সেনাদের ব্যাটেলিয়নে আছে কাজাকজ সৈন্যরাও। কাজিন্দ নামে এক জায়গায় যৌথ মহড়া দিয়েছে ভারত ও কাজাখ সেনা।
কিরগিজিস্তানে পাঁচটি টেলিমেডিসিন কেন্দ্র স্থাপন করেছে ভারত। ২০১৯ সালে ওই দেশকে ভারত ঋণ দিয়েছে ২০ কোটি ডলার বা ১৫০০ কোটি টাকার বেশি। কিরগিজিস্তানে ১৫ হাজার ভারতীয় ছাত্র আছেন।