
শেষ আপডেট: 17 September 2023 13:22
দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৭-১-২১-৬।
এই বোলিং রেকর্ড ভারতের (India) চিরকালীন ক্রিকেট ইতিহাসে স্থান করে নিয়েছে। ওই বোলিংয়ের সুবাদেই ভারত এশিয়া কাপ (Asia Cup) চ্যাম্পিয়ন হয়ে গেল। শ্রীলঙ্কা (Sri Lanka) সবদিক থেকে আত্মসমর্পণ করেছে। তাদের হার ১০ উইকেটে।
মাত্র ২৩ মিনিটের ব্যাটিংয়ে জিতে গিয়েছেন রোহিতরা। বিশ্বকাপের আগে ভারতের এই এশিয়া সেরা জয় এভারেস্টসম আত্মবিশ্বাস এনে দিল। ১০০ ওভারের খেলা শেষ ২২ ওভারেই। মোট আটবার ভারতীয় দল এশিয়া সেরা হল।
এশিয়া কাপের ফাইনালে ঘরের দলকে ৫০ রানে অলআউট করে দেওয়ার পরে ভারত কত উইকেটে জিতবে, সেটি চিন্তাও করেননি দেশের ক্রিকেটপ্রেমীরা। তাঁরা সেইসময়ও সিরাজের বোলিংয়ের আফটার-শক থেকে বেরতে পারেননি। যে কারণে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার একটা সময় ১৩ রানে ছয় উইকেট পড়ে গিয়েছে দেখে কেউ কেউ চোখ কচলে বোঝার চেষ্টা করেছেন ঠিক দেখছেন তো!

ভারত জিতে গেল যথারীতি সাত ওভার ব্যাটিং করেই। এটিও এক নজির বলা যেতে পারে। রোহিত শর্মা ওপেন করতে নামেননি। নামলেন শুভমন গিল (২৭) ও ঈশান কিষান (২৩)। দুই তরুণ ওপেনার মেজাজে রান তুলে দিয়েছেন।
ভারতের ব্যাটিং নয়, সপ্তম আশ্চর্যের মতো ছিল ভারতের দুরন্ত বোলিং। সিরাজের মতো নামী পেসারের এক ওভারে চার উইকেট নেওয়া। সিরাজের এদিন স্বপ্নের স্পেল এমন ছিল যে তার জন্য শ্রীলঙ্কার ব্যাটিংয়ের পরিসংখ্যানই যথেষ্ট। তাদের মাত্র দুই ব্যাটার দু’অঙ্কের রানে যেতে পেরেছেন। দলের মোট পাঁচ ব্যাটার শূন্য রানে প্যাভিলিয়নের পথ দেখেছেন। এরপর একটা দলের আর কত লড়াই করার ক্ষমতা থাকতে পারে।
এমন জয় বিশ্ব ক্রিকেটে কোনওদিন এসেছে কিনা, সেই নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে। ধারাভাষ্যকারদের মধ্যে বিস্ময়। তাঁরাও ভাবছিলেন রাতের ফ্লাইট ধরে ভারতে চলে আসবেন কিনা। ৫০ ওভারের ম্যাচে ৫১ রানের জয়ের টার্গেট।
শুধু ভারতীয় ক্রিকেট কেন, বিশ্ব ক্রিকেটের কাছেও এটি এক বিস্ময়। যেখানে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ বৃষ্টিতে হবে কিনা সন্দেহ ছিল,সেই ম্যাচ ভারত মাত্র ২৫ মিনিট ব্যাটিং করে জিতে যাবে, কেই বা ভাবতে পেরেছিল। এক ওভারে চার উইকেট সিরাজের। তার মধ্যে ১৬ বলের মধ্যে ৫ উইকেট অর্জন। ভারতীয়দের মধ্যে একক নজির বলা যেতে পারে।
সব থেকে বড় ঘটনা, কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামের এই পিচ ছিল ঘূর্ণি। সেই বাইশগজে ভারতের তিন পেস বোলার ছড়িয়ে ঘুরিয়ে গিয়েছেন। সিরাজের ২১ রানে ছয় উইকেট তো ইতিহাসে স্থান করে নিয়েছে। পাশাপাশি হার্দিক পান্ডিয়ার তিন রানে তিন উইকেট ও বুমরার এক উইকেটও সমানভাবে আলোচনায় আসবে।
৬ উইকেট নিয়ে রোনাল্ডোর স্টাইলে সেলিব্রেশন সিরাজের! দেখুন ভিডিও