দুর্ধর্ষ ঈশান, শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়ে সিরিজে এগোল ভারত
দ্য ওয়াল ব্যুরো: জয়ের ধারা অব্যাহত রইল ভারতীয় (India) শিবিরের। ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধেও টি-২০ সিরিজে জয় দিয়ে শুরু করল রোহিত শর্মার দল। লখনউ-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৬২ রানের সহজ জয় হাসিল করল ব্লু
শেষ আপডেট: 24 February 2022 18:35
দ্য ওয়াল ব্যুরো: জয়ের ধারা অব্যাহত রইল ভারতীয় (India) শিবিরের। ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধেও টি-২০ সিরিজে জয় দিয়ে শুরু করল রোহিত শর্মার দল। লখনউ-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৬২ রানের সহজ জয় হাসিল করল ব্লু ব্রিগেড।
ঈশান কিশান, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ারের দাপটের পর ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হারতে হল দাসুন সনাকার শ্রীলঙ্কাকে। তিন ম্যাচের টি-২০ সিরিজে আপাতত এগিয়ে রইল ভারত।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বকালীন একটি রেকর্ড গড়ে নিয়েছে রোহিতের দল। এই নিয়ে টানা ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় তুলে নেয় ভারত।
এর আগে কখনও টানা ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জেতেনি ভারত। ২০২০ সালে কোহলিরা টানা ৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় তুলে নিয়েছিলেন। এতদিন সেটিই ছিল ভারতের সর্বকালীন রেকর্ড। এবার সেই নজিরকে টপকে গেল টিম রোহিত।
আরও পড়ুনঃ
অভিষেক পোড়েলের ব্যাটিং ঝড়! হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথমদিনে চালকের আসনে বাংলা
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সনাকার। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও ঈশান কিশান। ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলেন রোহিত। আর তারপর ম্যাচের সেরা ঈশান কিশানের (৮৯) দাপুটে ব্যাটিং দেখেছেন ক্রিকেট প্রেমীরা। আর তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন অপরাজিত শ্রেয়স আইয়ার (৫৭)। তাঁর ঝড়ো ব্যাটিংয়ের দাপটেই ভারত ইনিংস শেষ করে ১৯৯ রানে।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে ছিল শ্রীলঙ্কার ব্যাটিং। প্রথম বলেই পথুম নিশঙ্কাকে প্যাভিলিয়নে ফেরান ভুবনেশ্বর কুমার। আরেক ওপেনার কামিল মিশারাও (১৩) খুব তাড়াতাড়িই প্যাভিলিয়নে ফেরেন ভুবির বলে। নিয়মিত উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কার। আশালঙ্কা (৫৩) চেষ্টা করলেও তাঁকে ওপর দিকে সেভাবে কোনও ব্যাটসম্যানই সঙ্গত দিতে পারেননি। কুড়ির ওভার শেষে ১৩৭ রানেই আটকে যায় শ্রীলঙ্কা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে চার নম্বরে ব্যাটিং করতে নামলেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ঈশান কিশানের সঙ্গে ওপেন করেন রোহিত শর্মা। আর ওপেনে ফিরেই বাজিমাত। ৭১ বলে ১১১ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন রোহিত-ঈশান।
https://twitter.com/ishankishan51/status/1496912702442115072
এই ম্যাচে ঋষভ পন্থ না খেলায় ভারতের হয়ে উইকেটের পিছনেও দায়িত্ব সামলেছেন ঈশান। ভারতের হয়ে টি-২০ ক্রিকেটে রোহিত-ঈশানই প্রথম অধিনায়ক-কিপার জুটি হিসাবে ব্যাটিং ওপেন করলেন। শতাধিক ম্যাচ খেললেও এই ঘটনা টি-টোয়েন্টিতে এর আগে আর কখনও ঘটেনি।
এদিনের খেলায় ৩২ বলে ব্যক্তিগত ৪৪ রান করে আউট হন রোহিত। বিরাট কোহলি ও মার্টিন গুপ্তিলকে টপকে রোহিতই বর্তমানে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক। অপরদিকে, ঈশান সেঞ্চুরি হাতছাড়া করলেও ৫৬ বলে ৮৯ রানের ইনিংস নিঃসন্দেহে তাঁকে আত্মবিশ্বাস জোগাবে।