
শেষ আপডেট: 12 September 2023 19:08
ক্রমে ছোট হয়ে আসছিল শ্রীলঙ্কার (India) জয়ের লক্ষ্যমাত্রা। বারবার উইকেটের সামনে এসে পরামর্শ করছিলেন ভারত (India) অধিনায়ক রোহিত শর্মা-বিরাট কোহলিরা। কখনও দেখা গিয়েছে উইকেটের পিছন থেকে আপাত শান্ত কেএল রাহুলও চিৎকার করে মহম্মদ সিরাজকে পরামর্শ দিচ্ছিলেন। বুমরা বাউন্ডারি লাইনের ধার থেকে কী যেন বলছিলেন কুলদীপ যাদবকে।
৯৯ রানে শ্রীলঙ্কার ছয় উইকেট পড়ে যাওয়ার পরে ধারাভাষ্যকাররাও হিসেব কষছিলেন ভারত (India) এদিন কত রানে জিততে পারে। কিন্তু দু’জনে মনে হয় মাঠে অন্যরকম ভেবেছিলেন। শ্রীলঙ্কার (Sri lanka) দুই ব্যাটার ধনঞ্জয় ডি’সিলভা (৬৬ বলে ৪১) ও দুনিথ ওয়ালেগা জুটি চিন্তা বাড়িয়ে দিয়েছিলেন ভারতের। কিন্তু বহক্ষেত্রেই অভিজ্ঞ দল জিতে যায় মরণবাঁচন ম্যাচ, ঠিক তাই হল ভারত জিতে গেল ৪১ রানে। ফাইনালে চলে গেল ভারতীয় দল। টসে জিতে ভারতের ২১৩ রানের সুবাদে শ্রীলঙ্কা শেষ হয়েছে ১৭২ রানে।
খেলার ৩৭ ওভারের মাথায় রবীন্দ্র জাদেজার ব্রেক থ্রুটাই মনে হয় ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে থাকল। ৬৩ রানের জুটিকে জাদেজা থামালেন এমন একটি ডেলিভারিতে, যেটি মারতেই ঈগলের মতো ধরলেন গিল। তাও সেটি বাউন্ডারি লাইনের ধারে, মিস করলেই সেটি ওভার বাউন্ডারি হয়ে যেত।
ধনঞ্জয় আউট হয়ে গেলেও দুনিথ লড়ে গেলেন শেষপর্যন্ত। তার আগে শ্রীলঙ্কার ব্যাটিং ফর্ম বলার মতো কিছুই ছিল না। ২৫ রানে তিন উইকেট পড়ে ধুঁকছে। ভারতের দুই পেসার বুমরা ও সিরাজ দারুণ শুরু করার পরে স্পিনার কুলদীপের স্পিনের ছোবলে ফিরে গিয়েছেন সাদিরা সমরাবিক্রমা (১৭), চারিথ আসালঙ্কা (২২)। এমনকী অধিনায়ক কুশল মেন্ডিসকে আউট করেছেন বুমরা।
তারপরই শ্রীলঙ্কাকে টেনেছেন ধনঞ্জয়। এই নামী তারকা যতক্ষণ উইকেটে ছিলেন, রোহিতের কপালের ভাঁজ বড় হয়েছে। কিন্তু তিনি ফিরে যেতেই চাপে পড়ে যায় ঘরের দল। রোহিত যেভাবে বারবার বোলিং বদল করে সুফল আদায় করেছেন শেষদিকে, তাতে বোঝাই যায় তিনি দক্ষ অধিনায়ক। তার মধ্যে পরিবর্ত সূর্যকুমার যেভাবে থিকসানার ক্যাচ ধরলেন, সেটিও জয়ের রঙ এনে দিয়েছে।
এই ম্যাচেও কুলদীপের বোলিং ম্যাচ জিতিয়ে দিয়েছে। এই চায়নাম্যান স্পিনারের চার উইকেট ম্যাচ জয়ের মঞ্চ বানিয়ে দিয়েছে এবারও। ঠিক সময়ে উইকেট নিয়ে তিনি বিশ্বকাপে ভারতের সম্পদ হয়ে থাকবেন, বলাই যায়। পাশাপাশি রবীন্দ্র জাদেজার বোলিংও এই দলের কাছে ম্যাজিক হয়ে থাকবে। তিনি ওইসময় ধনঞ্জয়কে ফিরিয়ে মোচড় না দিলে ভারতের জয় সহজে নাও আসতে পারত।
ভারতীয় দলের বোলিং ভাল হয়েছে। কিন্তু পরপর দুটি ম্যাচ খেলে ব্যাটারদের যেন ক্লান্ত দেখিয়েছে। তার মধ্যে রোহিত শর্মা (৫৩), কেএল রাহুল (৩৯), ঈশান কিষান (৩৩) ও শেষদিকে অক্ষর প্যাটেলের ২৬ রান এই জয়ে মুখ্য ভূমিকা পালন করেছে।
আরও পড়ুন: ক্লাবগুলি ফের বেঁকে বসল, এশিয়ান গেমসে নেই সুনীল-গুরপ্রীতরা!