দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী সভা করে ফিরে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষিপ্ত জনতার ছোড়া পাথরের আঘাতে নিহত হলেন এক পুলিশ কনস্টেবল। ঘটনাস্থল ফের সেই উত্তরপ্রদেশ, যেখানে গত ৩ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল এক পুলিশ ইনস্পেক্টরের। শনিবার যাঁর মৃত্যু হয়েছে তাঁর নাম সুরেশ বৎস।
শনিবারের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরে। সেখানে মাত্র কয়েক ঘণ্টা আগেই সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গাজিপুরের সভায় নিরাপত্তার কাজে ছিলেন নোনহারা থানার কনস্টেবল সুরেশ। প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পর তাঁরাও ডিউটি সেরে ফিরে যাচ্ছিলেন থানায়। পথে একটি হাইওয়েতে তখন চলছিল নিশাদ সম্প্রদায়ের অবস্থান বিক্ষোভ। তাঁরা আরও বেশি সংরক্ষণ চেয়ে হাইওয়েতে অবরোধ করছিলেন। অব রোধ তুলে দেওয়ার জন্য বলা হয় পুলিশকর্মীদের। তাঁরা সেখানে গিয়ে অবস্থান তোলার চেষ্টা করলে অবরোধকারীরা পুলিশের দিকে পাথর ছুড়তে শুরু করে। সেই পাথরের আঘাতেই মৃত্যু হয় সুরেশের।
এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি গাজিপুরের জেলাশাসক ও পুলিশ সুপারকে অবিলম্বে দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। নিহত পুলিশকর্মীর স্ত্রী-কে ৪০ লক্ষ ও তাঁর বাবা-মা-কে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
গত ৩ ডিসেম্বর বুলন্দশহরে নির্মম ভাবে খুন করা হয় পুলিশ ইনস্পেক্টর সুবোধ কুমার সিংকে। গো হত্যার গুজব থেকে উত্তেজনা তৈরি হয়েছিল সেখানে। বিক্ষোভ থামাতে গিয়ে বিক্ষোভকারীদের হাতে নিহত হন ওই পুলিশকর্মী। তাঁকে পাথর, লাঠি ও কুড়ুলের আঘাত করেই থামেনি দুষ্কৃতীরা, গুলিও করে।