ভারতেও রাশিয়ার করোনা ভ্যাকসিনের ট্রায়াল ও উৎপাদন হবে, দাবি রুশ সরকারের
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার তৈরি ভ্যাকসিন 'স্পুটনিক ভি' নিয়ে বিশ্বের কুড়িটি দেশ আগ্রহ দেখিয়েছে। আর সেই কুড়ি দেশের মধ্যে রয়েছে ভারতও। এবার ভারতে ওই ভ্যাকসিন ট্রায়ালের পাশাপাশি উৎপাদনও হবে। এমনটাই দাবি করেছে রুশ সরকার।
মঙ্গলবার রুশ প্রেসিডেন
শেষ আপডেট: 10 August 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার তৈরি ভ্যাকসিন 'স্পুটনিক ভি' নিয়ে বিশ্বের কুড়িটি দেশ আগ্রহ দেখিয়েছে। আর সেই কুড়ি দেশের মধ্যে রয়েছে ভারতও। এবার ভারতে ওই ভ্যাকসিন ট্রায়ালের পাশাপাশি উৎপাদনও হবে। এমনটাই দাবি করেছে রুশ সরকার।
মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের সাফল্য ঘোষণার পরেই রাশিয়ার দাবি, ইতিমধ্যেই ২০টি দেশ ভ্যাকসিন চেয়ে রেখেছে। আর তার পরিমাণ ১ বিলিয়ন মানে ১০০ কোটি ডোজ। সেই আগ্রহী দেশের তালিকায় ভারতও রয়েছে।
আরও পড়ুন
এদিন পুতিনের ঘোষণার পরে পরেই এই ভ্যাকসিনে বিনিয়োগ করা সরকারি সংস্থা রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান কিরিল দমিত্রিয়েভ জানিয়েছেন, গামেলিয়া ইনস্টিটিউটের তৈরি এই ভ্যাকসিন নিয়ে বিশ্বের অনেক দেশই আগ্রহ দেখিয়েছে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ২০টি দেশ থেকে ১০০ কোটির বেশি ডোজের আবেদন জমা পড়েছে।
আরডিআইএফ আরও জানিয়েছে, এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে আগ্রহী দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রাজিল, ফিলিপিন্স এবং ভারতে। এর পরে শুরু হবে উৎপাদন। তাতেও বিভিন্ন দেশের সঙ্গে হাত মেলাবে রাশিয়া। সেই তালিকাতেও ভারত রয়েছে। ভারত ছাড়াও দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সৌদি আরব, তুরস্ক এবং কিউবায় 'স্পুটনিক ভি' উৎপাদন হবে বলে দাবি করা হয়েছে রুশ সরকারের বিবৃতিতে। রাশিয়ার লক্ষ্য, ২০২০ সালের মধ্যেই ২০ কোটি ডোজ উৎপাদন। এর মধ্যে শুধু রাশিয়ার জন্য ৩ কোটি ডোজ।
রাশিয়ায় প্রতিরক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে করোনার ভ্যাকসিন তৈরি করছে গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। তবে রাশিয়ার তৈরি ভ্যাকসিন নিয়ে এখনও নানা মহলে তর্ক-বিতর্ক চলছে। অনেকেই মনে করছেন প্রথম হওয়ার প্রতিযোগিতায় নেমে তাড়াহুড়ো করা হয়েছে। কারণ, ভ্যাকসিনের প্রথম স্তরের ট্রায়ালের পরেই রাশিয়া দাবি করে টিকা সার্বিকভাবে প্রয়োগের জন্য তৈরি। যেখানে অক্সফোর্ড, মোডার্না এখনও তৃতীয় স্তরের ট্রায়ালেই রয়েছে।
এই পরিস্থিতিতে ভারতও রাশিয়ার ভ্যাকসিনের প্রতি আগ্রহ দেখিয়েছে বলে মস্কো দাবি করলেও এখনও পর্যন্ত কোনও মন্তব্যই করেনি নয়াদিল্লি। জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কী বলে তার দিকেই আপাতত তাকিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (আইসিএমআর)।