দ্য ওয়াল ব্যুরো: প্রধান সেনাপতির জন্য যোগ্য বাসভবনের ব্যবস্থা যে করা হবে, তা অজানা ছিল না। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কৃষ্ণ মেনন মার্গের সরকারি বাংলোতেই অধিষ্ঠান করবেন নরেন্দ্র মোদীর বিশ্বস্ত সেনাপতি অমিত শাহ। সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের জন্য নির্বাচন করা হয়েছে বাজপেয়ীর বাংলোই। এখন অমিত শাহ ১১ আকবর রোডের বাসভবনে থাকেন।
২০০৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাজপেয়ী কৃষ্ণ মেনন মার্গের বাংলোয় উঠে যান। তার পর থেকে ১৪ বছর আমৃত্যু তিনি সেখানেই ছিলেন। গত বছরের অগস্টে তাঁর মৃত্যুর পর নভেম্বর মাসে তাঁর পরিবার বাংলোটি খালি করে দেন।
সম্প্রতি অমিত শাহ ওই বাংলোটি একবার ঘুরে দেখেন। বাংলোয় কয়েকটি পরিবর্তন করার কথা বলেছেন তিনি। সেই মতো বাংলোটিতে কিছু সংস্কারের কাজ চলছে। সেই কাজ আগামী দু-এক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে সূত্রের খবর।
বাজপেয়ী যখন ওই বাংলোয় উঠে যান, তিনি সেটির নম্বর ৮ থেকে পরিবর্তন করে ৬এ করার নির্দেশ দেন। সেই মতো তখন নম্বরের পরিবর্তন করা হয়। ২০১৪ সালে মোদী সরকার প্রথমবার ক্ষমতায় এসে ঠিক করে, কোনও নেতা আগে থেকেছেন, এমন কোনও সরকারি বাংলোকে সেই নেতার মৃত্যুর পরে মেমোরিয়ালে পরিণত করা হবে না।
মোদী সরকার ইতিমধ্যেই বাজপেয়ীর স্মরণে ‘সদৈব অটল’ একটি সৌধ তৈরি করেছে রাষ্ট্রীয় স্মৃতি স্থলের কাছে। ওই জায়গাটি রাষ্ট্রপতি, উপ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের শেষকৃত্য সম্পন্ন করার জন্য নির্দিষ্ট করা আছে।