
শেষ আপডেট: 19 July 2023 08:06
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বেঙ্গালুরুর বৈঠকে বিরোধী জোটের নামকরণ হয়েছে। আনুষ্ঠানিক ভাবে জোটের নাম ‘ইন্ডিয়া’ (INDIA) রাখার প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাতে সর্বসম্মতি হয়েছে। কিন্তু জোটের এই নামকরণ নিয়ে অনেকটা বিজেপির সুরে প্রশ্ন তুললেন কংগ্রেসের প্রয়াত নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (Sharmistha Mukherjee)।
শর্মিষ্ঠার বক্তব্য, “ইন্ডিয়া—অভিনব এবং উস্কানিমূলক। এই জোট ফেল করলে বা জোটের ভাঙন ধরলে কী হবে? তখন খবর হবে, ইন্ডিয়া ফেল করল বা ইন্ডিয়া ভেঙে গেল। কোনও রাজনৈতিক জোট, দল বা নেতার নাম আক্ষরিক ভাবে বা পরোক্ষে দেশের সঙ্গে সমার্থক হতে পারে না। আমাদের দেশ কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের থেকে অনেক বড়।"
প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের জঙ্গিপুর থেকে কংগ্রেস সাংসদ ছিলেন। তাঁর মেয়ে শর্মিষ্ঠা ছিলেন দিল্লি প্রদেশ কংগ্রেসের সম্পাদক ও মুখপাত্র। দিল্লিতে বিধানসভা ভোটে একবার প্রার্থীও হয়েছিলেন শর্মিষ্ঠা। কিন্তু পরাস্ত হন। এখন রণে ভঙ্গ দিয়ে কংগ্রেসের থেকে কিছুটা দূরত্ব রেখেই চলেন।
কিন্তু এদিন শর্মিষ্ঠার বক্তব্য শুনেই অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছে। মঙ্গলবার এনডিএ জোটের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, “রাজনীতিতে প্রতিস্পর্ধা থাকতে পারে কিন্তু শত্রুতা নয়।… এনডিএ সরকারই প্রণব দাকে ভারত রত্ন দিয়েছিল। যিনি সারাজীবন কংগ্রেসি ছিলেন। কিন্তু তাঁকে এই সম্মান দিতে আমাদের কোনও সংকোচ ছিল না।”
শর্মিষ্ঠার এদিনের বক্তব্যকে অনেকেই মোদীর মঙ্গলবারের বক্তব্যের সঙ্গে জুড়ে দেখতে চাইছেন। সেই সঙ্গে এই জল্পনাও তৈরি হয়েছে যে ২০২৪ সালে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে কি লোকসভা ভোটে প্রার্থী করতে পারে বিজেপি। একটা সময়ে মুকুল রায় যখন বিজেপিতে ছিলেন, তখন দলের মধ্যে এই প্রস্তাব দিয়েছিলেন তিনি। তাঁর প্রস্তাব ছিল, শর্মিষ্ঠার সঙ্গে একবার যোগাযোগ করে দেখা হোক। ওঁকে যদি বিজেপির প্রার্থী করা যায় বাংলায়।
দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে কংগ্রেস রাজনীতি করেছেন প্রণব মুখোপাধ্যায়। কংগ্রেসের ইতিহাস ও সংবিধান নিয়ে তাঁর বই রয়েছে। আমৃত্যু তাঁর এ ব্যাপারে গর্বও ছিল।
তবে রাষ্ট্রপতি হওয়ার পর প্রণববাবুর সঙ্গে নরেন্দ্র মোদীর সখ্য নিয়ে কংগ্রেসের অনেকেই ভ্রূ কোঁচকাতেন। নাগপুরে আরএসএসের সদর দফতরে প্রণববাবুর যাওয়ার ঘটনা নিয়ে কংগ্রেস খোলাখুলি সমালোচনা করেছিল। তাৎপর্যপূর্ণভাবে সেই সময়ে বাবার এই পদক্ষেপের সমালোচনা করেছিলেন প্রণব কন্যাও।
কিন্তু সেই প্রণবের মেয়ে এবার নতুন বিতর্ক তৈরি করলেন। দেখা যাক, তাঁর পরবর্তী পদক্ষেপ কী হয়।
‘ইন্ডিয়া’ নামে আপত্তি নীতীশ, সীতারামদের ‘ডেভেলপমেন্টাল’ নিয়েও বিতর্ক