
শেষ আপডেট: 2 January 2024 12:25
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতেই রেশন ধর্মঘট। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন রেশন ডিলাররা। যার ফলে রাজ্যের প্রায় ১৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে। পরিষেবা সম্পূর্ণ ব্যহত হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ। ভোগান্তিতে পড়েছেন দেশের ৮০ কোটি ৩৫ লক্ষ রেশন উপভোক্তা।
দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। আন্দোলনকারীদের দাবি, ইদানিং নেটওয়ার্ক সমস্যা অথবা আঙুলের ছাপের অমিলের কারণে উপভোক্তাদের সমস্যা হচ্ছে। এদিকে রেশন সামগ্রী এফসিআই থেকে নিয়ে আসা এবং ক্রেতাদের বণ্টনের মধ্যে বেশ কিছু পরিমাণ খাদ্য শস্য নষ্ট হয়। তাই এফসিআই থেকে চটের বস্তায় খাদ্যশস্য দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে দার্জিলিং সহ রাজ্যের অন্যান্য জেলাতেও এনএফএসএ-র নিয়ম অনুযায়ী অগ্রিম কমিশন চালু করার দাবি জানানো হয়েছে।
সমস্ত দাবি মেনে না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন সংগঠনের র সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি বলেন, ''যত দিন না রেশন ডিলারদের মাসিক ন্যূনতম ৫০ হাজার টাকা আয় সুনিশ্চিত হচ্ছে, অতিরিক্ত কোনও খরচের বোঝা নেওয়া সম্ভব নয়।'' একইসঙ্গে তাঁর অভিযোগ, ''এই রাজ্যে পিডিএস কন্ট্রোলারের নামে রেশন দোকানদারদের উপর কার্যত মানসিক অত্যাচার করা হচ্ছে।''
সম্প্রতি ধর্মতলায় খাদ্য ভবনের দফতরের সামনে প্রতিবাদ কর্মসূচিও পালন করেন সংশ্লিষ্ট সংগঠন। আগামী ১৬ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে। জানা গিয়েছে, ওইদিনই সংসদভবন অভিযানেও যাবেন তাঁরা। প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন।
রেশনে বিনামূল্যে চাল সহ আরও অনেক জিনিস পাওয়া যায়। ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চললে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন দরিদ্র শ্রেণির কয়েক কোটি মানুষ। সেক্ষেত্রে রেশন ডিলারদের বক্তব্য, দেশে ১৪০ কোটি মানুষের মধ্যে ৮০ কোটি লোক রেশনের আওতায় আছেন। আর এই বিপুল মানুষের সাময়িক সমস্যা হলেও আখেরে লাভের জন্যই এই লড়াই।