ক্লাবের পক্ষ থেকে তাঁকে মঞ্চে বসিয়ে সংবর্ধনাও জানানো হয়। হঠাৎ পাওয়া এই সম্মানে বাকরুদ্ধ হয়ে পড়েন ওই প্রবীণ শ্রমজীবী।

ছবি সংগৃহীত।
শেষ আপডেট: 28 September 2025 15:12
দ্য ওয়াল ব্যুরো: পুজোর (Durga puja) উদ্বোধনে যখন নামজাদা তারকাদের ভিড়, তখন ব্যতিক্রম ঘটাল জলপাইগুড়ির বিলপাড়া রটন্তী ক্লাব ও পাঠাগার। এ বছরের ২৬তম বর্ষের দুর্গোৎসবের উদ্বোধন করলেন ৮০ বছরের এক ভ্যান রিক্সাচালক (Rickshaw Puller) বুলন কামতি। প্রদীপ জ্বালিয়ে তিনি শুভ সূচনা করতেই উপস্থিত জনতা হাততালিতে ফেটে পড়ে।
ক্লাবের পক্ষ থেকে তাঁকে মঞ্চে বসিয়ে সংবর্ধনাও জানানো হয়। হঠাৎ পাওয়া এই সম্মানে বাকরুদ্ধ হয়ে পড়েন ওই প্রবীণ শ্রমজীবী। ক্লাবের সাধারণ সম্পাদক নব্যেন্দু মৌলিকের কথায়, “সংবিধান বলছে সমানাধিকারের কথা। অথচ খেটে খাওয়া মানুষ আজও বঞ্চিত। তাই তাঁদের প্রাপ্য সম্মান দিতে আমরা এই পদক্ষেপ নিয়েছি (message of equality in Jalpaiguri)।”
রাজনৈতিক নেতারাও সাধুবাদ জানিয়েছেন এই উদ্যোগকে। বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা সৌজিত সিংহ বলেন, “যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে তাঁদের দিয়েই উদ্বোধন করানো হয় অধিকাংশ জায়গায়। এই প্রথা ভেঙে খেটে খাওয়া মানুষকে সম্মান জানানো সত্যিই দৃষ্টান্তমূলক।”
তৃণমূলের নেতা ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডলও বলেছেন, “এ এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকলাম। সত্যিই ব্যতিক্রমী আয়োজন।”
তারকাখচিত উদ্বোধনের বদলে এক শ্রমজীবীর হাতে প্রদীপ জ্বালিয়ে এ বার্তা যেন আরও একবার মনে করিয়ে দিল—ভারতের সংবিধান সাম্যের কথা বলে, আর বাস্তবেও সেই সাম্যের প্রয়োগ সম্ভব।