
শেষ আপডেট: 26 October 2023 13:51
দ্য ওয়াল ব্যুরো: রেশন দুর্নীতি মামলার তদন্তে বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি। তারই মাঝে আচমকা সেখানে হাজির বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত!
হাতে মিষ্টির প্যাকেট নিয়ে গাড়ি থেকে নেমে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকতে যান তিনি। গেটের প্রহরায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা অবশ্য তাঁকে ঢুকতে দেননি। তিনি বাইরে থেকে মিষ্টির প্যাকেট মন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাইলে ইডির এক আধিকারিক বাইরে এসে জানান, এখন তদন্ত চলছে। মন্ত্রী (জ্যোতিপ্রিয়) নিজেই প্যাকেট ফিরিয়ে দিতে বলেছেন।
আচমকা এভাবে রেশন দুর্নীতির তদন্তের মাঝে মিষ্টির প্যাকেট হাতে সব্যসাচীর আগমনকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও সংবাদমাধ্যমের সামনে তৃণমূলের রাজারহাটের দায়িত্বপ্রাপ্ত নেতা সব্যসাচী বলেন, “সকাল থেকে টিভি দেখিনি। তাই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির অভিযানের বিষয়টি জানা ছিল না। শারদীয়ার শুভেচ্ছা জানাতেই মিষ্টির প্যাকেট নিয়ে এসেছিলাম।”
একই সঙ্গে তিনি বলেন, “কী হচ্ছে, না হচ্ছে, আইন আছে, সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।” সব্যসাচী বেরিয়ে যাওয়ার পর এদিন বিধাননগরের আরও তিন কাউন্সিলরকে মিষ্টি নিয়ে জ্যোতিপ্রিয়র বাড়িতে হাজির হতে দেখা যায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাঁদেরও গেট থেকে ফিরিয়ে দেন। সব্যসাচীর সুরে ওই তিন কাউন্সিলরেরও দাবি, “জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানার বিষয়টি তাঁদের জানা ছিল না।”