
শেষ আপডেট: 28 February 2024 20:05
দ্য ওয়াল ব্যুরো: বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে হলে তল্লাশির নামে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকে।
হরিহরপাড়া ব্লকের খিদিরপুর কলোনি নেতাজি হাইস্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। অভিযোগ, এদিন পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের অশ্লীলভাবে তল্লাশি চালানো হয়। সকলের সামনে রীতিমতো পোশাকের ভিতরে হাত ভরে তল্লাশি চালানো হয় বলে অভিযোগ।
প্রতিবাদে পরীক্ষা শেষের পর বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। তাঁদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন অভিভাবকরাও। স্কুলের দরজায় লাথি মেরে বিক্ষোভ দেখান তাঁরা।
ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুল প্রাঙ্গনে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পরীক্ষার্থী এবং অভিভাবকদের তরফে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।