
ফাইল ছবি
শেষ আপডেট: 3 July 2024 16:49
দ্য ওয়াল ব্যুরো: ফের পিছিয়ে গেল কয়লা পাচার মামলার চার্জ গঠন। আসানসোল সিবিআই আদালতে চলছে এই মামলা। বুধবার চার্জ গঠনের কথা ছিল।
আদালত সূত্রে জানা গেছে, সিবিআইয়ের জমা দেওয়া দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের মধ্যে দু'জন এদিন আদালতে উপস্থিত হননি। ফলে ঘণ্টা খানেকের সওয়াল-জবাব শেষে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী আগামী ৯ অগাস্ট মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। ওইদিন মামলার চার্জগঠন করা হতে পারে।
এদিনের শুনানিতে অনুপস্থিত ছিল কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত তারকেশ্বর মণ্ডল ও মহম্মদ সাকিল। সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিটে এদের নাম রয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন এই দু'জনকে আদালতে হাজির থাকার জন্য নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে আদালতে দুটি চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। এর মধ্যে বিনয় মিশ্র-সহ বেশ কয়েকজনকে এখনও ধরতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে সিবিআইয়ের তরফে জমা দেওয়া দ্বিতীয় চার্জশিটে ইসিএলের জেনারেল ম্যানেজার অমিতকুমার ধর এবং নরেশকুমার সাহার নাম রয়েছে। মূল অভিযুক্তের তালিকায় নাম রয়েছে কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার।
সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে মঙ্গলবারই বড় প্রশ্ন তুলেছিলেন বিচারক রাজেশ চক্রবর্তী। সিবিআই আইনজীবীর কাছে বিচারক জানতে চেয়েছিলেন, "গত ১০ বছরে একটি মামলাও শেষ করতে পেরেছেন, এমন নজির কি রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার?"