দ্য ওয়াল ব্যুরো : সোমবার শ্রীনগরের আলুচি বাগ অঞ্চলে ছদ্মবেশে অভিযান চালিয়েছিল পুলিশ। তাতেই মারা পড়ল কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের অন্যতম আব্বাস শেখ। লস্কর-ই-তৈবার কম্যান্ডার আব্বাসের সঙ্গে নিহত হয়েছে তার এক সঙ্গীও। এদিন গোপন সূত্রে পুলিশ জানতে পারে, আব্বাস ও তার সঙ্গী সাকিব মনজুর শ্রীনগরে এসেছে। খুব অল্প সময়ের মধ্যে তাদের গোপন ডেরা ঘিরে ফেলে পুলিশ। জঙ্গিরা ভাবতেই পারেনি, শ্রীনগরে আসামাত্র পুলিশের জালে পড়ে যাবে।
কাশ্মীর পুলিশের ইনস্পেকটর জেনারেল বিজয় কুমার বলেন, "আব্বাস শেখ ছিল রেজিস্ট্যান্স ফ্রন্টের স্বঘোষিত প্রধান। নির্দিষ্ট খবর পেয়ে শ্রীনগর পুলিশের ১০ জওয়ান সাদা পোশাকে তাদের গোপন আস্তানা ঘিরে ফেলে। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলিতে দু'জন নিহত হয়।" পুলিশ জানিয়েছে, লস্করই তথাকথিত রেজিস্ট্যান্স ফ্রন্ট তৈরি করেছিল। আব্বাস ও মনজুর কাশ্মীরে বহু হত্যাকাণ্ডের জন্য দায়ী। তাছাড়া তাদের জন্য বহু তরুণ যোগ দিয়েছিল জঙ্গি দলে।
৪৬ বছর বয়সী আব্বাস কাশ্মীরে সবচেয়ে বেশিদিন বেঁচে থাকা জঙ্গিদের অন্যতম। সে একসময় হিজবুল মুজাহিদিনের সদস্য ছিল। পরে লস্করে যোগ দেয়।