
ফাইল চিত্র
শেষ আপডেট: 26 November 2024 23:22
দ্য ওয়াল ব্যুরো: বেশ কয়েকদিন হল বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী ঘর ছেড়েছেন। সেদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের যুবক রাজেশ দাস। তাঁর দুই সন্তান। স্ত্রী চলে যাওয়ায় দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন তিনি। অবশেষে ক্ষোভে দুই নাবালক সন্তানকে বিষ খাইয়ে তাদের নিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন সেই ব্যক্তি।
সূত্রের খবর, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার নিহালিয়া-স্টিমার ঘাট এলাকার বাসিন্দা রাজেশ। কয়েক বছর আগে তাঁর সঙ্গে মৌ দাসের বিয়ে হয়। সব কিছু ঠিক চললেও কয়েক মাস আগে স্থানীয় এক যুবকের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান মৌ। জানতে পেরে যান সেই যুবক। ফলে এ নিয়ে রোজের ঝামেলা চলতেই থাকত। তারপরেও পরকীয়ার সম্পর্ক থেকে বেরতে চাননি ওই যুবতী। উল্টে স্বামী এবং দুই সন্তানকে ছেড়ে মাস দুয়েক আগে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান।
প্রতিবেশীদের মতে, সেই দিন থেকেই অবসাদে ভুগছেন রাজেশ। যুবকের পরিবারের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে প্রথমে মেয়ে রক্তিমা দাসকে বিষ খাইয়ে দেন রাজেশ। তারপর ছেলে আর্যবীর দাসের খাবারেও বিষ মিশিয়ে দেন। দুই সন্তানকে নিয়ে জিয়াগঞ্জ ১০ নম্বর ওয়ার্ড এলাকায় গঙ্গার ঘাটে চলে যান ওই যুবক। বেশ কিছুক্ষণ সেখানে থাকার পরে এক সন্তানের হাতে ধরে এবং অন্য জনকে কোলে নিয়ে নদীর ঘাটে গিয়ে এক সঙ্গে ঝাঁপ দেন রাজেশ।
এমন কাণ্ড দেখে স্থানীয়েরা সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করতে নামেন। তবে তিন জনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। সেখান থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় জিয়াগঞ্জ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তিন জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে সকলের শারীরিক পরিস্থিতিও আশঙ্কাজনক।