দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু ও কেরল। এই চার রাজ্যের মানুষ আগামী ৩১ মে অবধি ঢুকতে পারবেন না কর্নাটকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার বলেন, বিভিন্ন রাজ্য পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যানবাহন চালাতে পারবে। এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে যেতে পারবেন। এরপরেই কর্নাটক ঘোষণা করে, লকডাউন চলাকালীন চার রাজ্যের মানুষকে ঢুকতে দেওয়া হবে না। মহারাষ্ট্র, গুজরাত ও তামিলনাড়ুতে এখন কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি।
কর্নাটক সোমবার সিদ্ধান্ত নিয়েছে, চতুর্থ দফার লকডাউনে আরও কয়েকটি বিধিনিষেধ তুলে নেওয়া হবে। যদিও রবিবারই সেখানে ৮৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২৩১। মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এদিন বলেন, রেড জোন বাদে অন্যত্র সরকারি বাস চলবে। সামাজিক দূরত্ব মেনে চলার জন্য প্রতিটি বাসে ৩০ জনের বেশি যাত্রী তোলা হবে না। সোমবার থেকে ওলা এবং উবের ট্যাক্সিও চলাচল করতে পারবে। তবে প্রতিটি রবিবারে কর্নাটকে জারি থাকবে ‘টোটাল লকডাউন’। ওই দিনগুলিতে অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া আর কিছুই চালু থাকবে না। সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। স্টেডিয়াম খোলা যাবে। কিন্তু দর্শকদের প্রবেশাধিকার থাকবে না। কোথাও বড় জমায়েতে অনুমতি দেওয়া হবে না।