দ্য ওয়াল ব্যুরো: মাছ যে কোলাব্যাঙে নিয়ে যায়, আর ছিপ নিয়ে যায় চিলে, তা আগেই জানা ছিল ছড়ায়। কিন্তু এ যেন সে ছড়ার গল্পকেও ছাপিয়ে যাওয়া কাণ্ড। মাছ বা ছিপ নয়, এবার আস্ত ঠ্যাং নিয়ে গেল কুকুরে। তা-ও আবার হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে! এমন ঘটনা বোধ হয় বিহারেই সম্ভব।
সূত্রের খবর, বিহারের বক্সার জেলার সরকারি হাসপাতালে এমনটাই ঘটেছে চলতি সপ্তাহে। দুর্ঘটনায় জখম এক রোগীর পা বাদ যায় অস্ত্রোপচারে। চিকিৎসকেরা ব্যস্ত ছিলেন তাঁর ক্ষত সেলাই করায়। এমন সময়েই পাশে রাখা সেই কাটা পা-টি মুখে করে তুলে নিয়ে পালায় একটি কুকুর! চেষ্টা করেও তাকে ধরতে পারা যায়নি। কিন্তু হাসপাতালের ভিতরে কুকুরের এমন অবাধ বিচরণ, এমনকী অপারেশন থিয়েটার পর্যন্ত এভাবে পৌঁছে যাওয়া নিয়ে বেশ চিন্তায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আরা জেলার বাসিন্দা রামনাথ মিশ্র বক্সারের কাছে, ট্রেন থেকে পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হন। তাঁর পা থেঁতলে গিয়েছিল। রেলপুলিশ সঙ্গে সঙ্গে বক্সার হাসপাতালে ভর্তি করিয়ে দেয় তাঁকে। চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, তাঁর পা কেটে বাদ দিতে হবে। নইলে ক্ষত থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে।
সেই মতোই অস্ত্রোপচার সারা হয় রামনাথের। পা কেটে বাদ দিয়ে রাখা হয় নির্দিষ্ট জায়গায়। তার পরে ভাল করে ড্রেসিং করা হয় পায়ে। সেই সুযোগেই অপারেশন থিয়েটারে ঢুকে পড়ে একটি কুকুর, মুহূর্তের মধ্যে পালায় সদ্য কাটা ওই পা-টি মুখে নিয়ে। কয়েক জন কর্মী পা উদ্ধার করতে চাইলেও, সম্ভব হয় না। পরে ওই হাসপাতালেই মারা যান রামনাথ।
এর আগেও এক বার ২০১৬ সালে এমনই এক ঘটনা ঘটেছিল বিহারেই। এক বিদেশি পর্যটকের মৃত্যুর পরে তাঁর দেহ ময়না-তদন্তের জন্য রাখা ছিল হাসপাতালের মর্গের বাইরে। অভিযোগ উঠেছিল, একটি কুকুর খেয়ে নিয়েছে সেই দেহ। এবার দেহ না হলেও, আস্ত একটি পা নিয়ে চম্পট দিল কুকুর।
ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। তলব করেছে হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্টও।