
প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 November 2024 19:21
দ্য ওয়াল ব্যুরো: রোজ রোজ অশান্তি। স্ত্রীকে খুনের হুমকিও দিত স্বামী। বলত, 'তোমাকে মেরে নিজে মরব'! শেষমেশ যেমন কথা, তেমনই কাজ করলেন ব্যক্তি। স্ত্রীকে কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মঘাতী হলেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ব্যারাকপুরের দেবপুকুরের সূর্যপুরের বাসিন্দা ছিলেন কমল কর্মকার ও তাঁর স্ত্রী বিমলা। স্থানীয় সূত্রে খবর, প্রায় প্রতিদিনই তাঁদের মধ্যে ঝামেলা হত। রোজ স্ত্রীকে খুন করার হুমকিও দিত কমল। কিন্তু সেই হুমকিই যে একদিন সত্যি হয়ে যাবে তা কেউই কল্পনা করতে পারেননি। পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন স্ত্রী ঘুমিয়ে পড়ার পর বাড়ি ঢুকেছিলেন কমল। তারপর তাঁকে ডেকে তুলে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জেনেছে, রোজের মতো সেদিনও মদ খেয়ে বাড়ি ঢুকেছিলেন কমল। সে সময়ে ছেলেকে নিয়ে নিজের ঘরে ঘুমোচ্ছিলেন বিমলা। কমল তাঁকে ডেকে অন্য ঘরে নিয়ে যান। সেখানেই ছিল একটি শাবল। মত্ত অবস্থাতেই আচমকা স্ত্রীকে মারতে শুরু করেন তিনি। তারপর শাবল দিয়েই কুপিয়ে খুন করেন তাঁকে। তারপর নিজে বিষ খান। গোটা সময়টাই পাশের ঘরে তাঁদের ছেলে ঘুমোচ্ছে।
প্রতিবেশীদের থেকে পুলিশ খোঁজ নিয়ে জেনেছে, মদ খাওয়া নিয়েই স্ত্রীর সঙ্গে বেশিরভাগ সময় অশান্তি লাগত কমলের। তা নিয়ে সে তাঁকে খুনের হুমকি দিত আর আত্মহত্যার কথা বলত। শুক্রবার রাতে সব সীমানা ছাড়িয়ে যায় অশান্তির। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল বিমলার। কমলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ঠিকই, তবে বাঁচানো যায়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছিল।