দ্য ওয়াল ব্যুরো: তিনি বল ডেলিভারি করার পর কপাল থেকে ঘাম মুছলেও গ্যালারিতে ‘কুপোকাত’ হতেন অনেক তরুণী। এমন সব কথাই প্রচলিত রয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ সুপ্রিমো ইমরান খানকে নিয়ে। একের পর এক বিয়ে ভেঙেছে তাঁর। কিন্তু দমে যাননি। আরও একটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে গিয়েছেন। এ বার সেই ইমরান খানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা ব্রিটিশ সাংবাদিক রেহাম খান।
রেহাম তাঁর আত্মজীবনীতে লিখেছেন ইমরানের পাঁচ ‘অবৈধ সন্তান’ রয়েছে। এর মধ্যে নাকি আবার কয়েকজন ভারতীয়ও। কিন্তু কারও নাম উল্লেখ করেননি তিনি। এবং এগুলি তিনি জেনেছেন ইমরানের থেকেই। এমনই দাবি রেহামের।
শুধু ইমরান নয়। রেহাম তাঁর আত্মজীবনীতে এক হাত নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রমকেও। আক্রম সম্পর্কে রেহামের উক্তি, ‘একজন বিকৃত যৌন মানসিকতার লোক।’
আত্মজীবনী সম্পর্কে বলতে গিয়ে রেহাম বলেছেন, ‘আমার জীবনের ভুলগুলি আমি এই বইতে তুলে ধরেছি। আমি চাই যাতে কোনও মেয়ে আমার মতো ভুল না করে।’
রেহামের উক্তি সম্পর্কে ইমরানের কোনও প্রতিক্রিয়া না মিললেও তাঁর দল সব অভিযোগ উড়িয়ে দিয়েছে।
প্রসঙ্গত ২০১৫ সালের জানুয়ারিতে ইমরানের সঙ্গে বিয়ে হয় রেহামের। কিন্তু দাম্পত্য টিকেছিল মাত্র ১০ মাস। এরপরই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। ইমরানের রক অ্যান্ড রোল জীবন ছিল যৌনতা আর মাদকাসক্ত। এমনটাই বইতে লিখেছেন রেহাম।
কিন্তু ভারতে থাকা ইমরানের অবৈধ সন্তান কে বা কারা? রেহামের দাবিতে জোর গুঞ্জন শুরু হয়েছে গ্ল্যামার জগতে।