
শেষ আপডেট: 24 November 2023 15:43
দ্য ওয়াল ব্যুরো: পিতা স্বর্গ, পিতা ধর্ম...। সেই পিতার দৌলতেই কী হাজতবাস? কোর্টে বিস্ফোরক দাবি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার।
গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের পাশাপাশি তাঁর মেয়ে সুকন্যাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সম্প্রতি আসানসোল আদালত থেকে এই মামলা স্থানান্তরিত হয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। সেখানেই বৃহস্পতিবার অনুব্রতর মেয়ে সুকন্যা আইনজীবী মারফৎ আদালতের কাছে দাবি করেছেন, তিনি জানতেনই না যে তাঁকে কোন কোম্পানির ডিরেক্টর পদে বসানো হয়েছে।
বাবা-মেয়ে দুজনেই রয়েছে তিহাড় জেলে। বৃহস্পতিবার বিচারপতি জ্যোতি সিংয়ের এজলাসে ফের জামিনের আর্জি জানিয়েছিলেন সুকন্যা। শুনানিতে বিচারপতি জানতে চান, স্কুল শিক্ষিকা হয়েও এভাবে কী কোম্পানির ডিরেক্টর হওয়া যায়? আদালতে সুকন্যার আইনজীবী দাবি করেন, অনুব্রত ও তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি সুকন্যাকে যে কাগজে সই করতে বলতেন, তিনি সেখানে সই করে দিতেন। এর বেশি কিছু জানতেন না।
জামিনের বিরোধিতা করে আদালতে ইডি জানিয়েছেন, সুকন্যা খুবই প্রভাবশালী। জেলের বাইরে গেলে তিনি প্রভাব খাটিয়ে তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন।
আদালতে ইডির দাবি, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক অনুব্রত ও তাঁর মেয়ে। চালকল থেকে বিভিন্ন সংস্থা রয়েছে সুকন্যার নামেই। খাতায়- কলমে স্কুল শিক্ষিকা হলেও অনুব্রত কন্যার সম্পত্তি কোটি কোটি টাকা।
আদালত সূত্রে জানি গেছে, মামলার পরবর্তী শুনানি হবে ডিসেম্বরে। সেদিনই জামিনের বিষয়ে আদালত নির্দেশ দেবে।