
শেষ আপডেট: 8 November 2023 20:26
দ্য ওয়াল ব্যুরো: আগামী রবিবার কালীপুজো। ইতিমধ্যেই আজ, বুধবারই একাধিক পুজোর উদ্বোধন সেরে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধেয় নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর ভেনাস ক্লাবের পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পায়ের সমস্যার জন্য ভার্চুয়ালি দুর্গাপুজোয় উদ্বোধন করলেও এদিন সশরীরে কালীপুজো উদ্বোধনে হাজির হন মমতা। তবে চারদিন আগেই কালীপুজোর উদ্বোধন হলেও, ভাসান কিন্তু হবে তিনদিনেই। বুধবার নবান্ন থেকে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, কালীপুজোর ভাসান চলবে ১৩, ১৪, ১৫ নভেম্বর। আগামী ১৫ নভেম্বর ভাইফোঁটা। অর্থাৎ ওইদিনের মধ্যেই রাজ্যের সমস্ত কালীপুজোর বিসর্জন শেষ করতে হবে। আর নির্দিষ্ট দিনের মধ্যে প্রতিমা বিসর্জন না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের যাতে দীর্ঘদিন ধরে পুজোর অনুষ্ঠান চলার কারণে কোনও সমস্যা না হয় সেই প্রেক্ষিতেই ১৫ নভেম্বরের মধ্যে কালীপুজোর ভাসানের নির্দেশ বলে জানিয়েছে নবান্ন।
আলোর উৎসবকে ঘিরে শহর কলকাতার পাশাপাশি সেজে উঠেছে জেলাও। চারিদিকে উৎসবের আবহ। তবে উদ্বোধনের অনুষ্ঠানে বাজি পোড়ানোর বিষয়ে এদিন বাড়তি নজর রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বাজি পোড়ানোর বিষয়ে রাজ্যবাসীকে বিধিনিষেধ মেনে চলার নির্দেশিকাও জারি করেছে নবান্ন।
সাধারণত কালীপুজো হয় রাতে। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, এবারে কিন্তু মধ্যরাতে নয়, কালীপুজো শুরু হবে দুপুরে। কারণ, এবার দুপুরেই পড়েছে অমাবস্যা। তবে দিনে হোক কিংবা রাতে মাইক্রোফানের যথেচ্ছ ব্যবহারের বিষয়ে ক্লাবগুলিকে অবশ্যই নিয়ম মানতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়েও সরকারের তরফে আবেদন জানানো হয়েছে।