
বিরূপাক্ষ বিশ্বাস
শেষ আপডেট: 1 October 2024 19:43
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের পর 'থ্রেট কালচার'-এর অভিযোগ উঠেছে। এই ঘটনায় নাম উঠে এসেছে অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের। রাজ্য মেডিক্যাল কাউন্সিল, স্বাস্থ্য দফতর ইতিমধ্যে তাঁদের সাসপেন্ড করেছে। বিরূপাক্ষকে এবার সাসপেন্ড করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
বিরূপাক্ষরা সিবিআই স্ক্যানারে রয়েছেন। তাই আইএমএ জানিয়ে দিয়েছে, আরজি করের তদন্ত যতদিন না শেষ হচ্ছে, ততদিন তিনি সাসপেন্ড থাকবেন। অর্থাৎ, নিজের জায়গা ফিরে পেতে গেলে বিরূপাক্ষকে নির্দোষ প্রমাণিত হতে হবে। ততদিন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখা থেকে সাসপেন্ড থাকবেন বিরূপাক্ষ বিশ্বাস।
এতদিন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভীক দে। বিরূপাক্ষ বিশ্বাস ছিলেন মেডিক্যাল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য। আরজি করে ঘটনার দিন অভীক এবং বিরূপাক্ষ দু'জনেই হাসপাতালে ছিলেন বলে অভিযোগ ওঠে। প্রবল চাপের মুখে পড়ে দু'জনকেই রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সাসপেন্ড করা হয়।
বর্ধমান মেডিক্যালের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্স ডক্টর বিরূপাক্ষ চিকিৎসক মহলে যথেষ্ট প্রভাবশালী হিসেবে পরিচিত। সন্দীপ ঘোষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতাও সর্বজন বিদিত। সম্প্রতি একটি অডিও ভাইরাল হওয়ার পরেই ডাক্তার বিরূপাক্ষের নাম উঠে আসে। যদিও এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
এরপর স্বাস্থ্য দফতর থেকে তাঁকে বদলি করে। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠায়। কিন্তু ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে অসন্তাষের রেশ পৌঁছে যায় কাকদ্বীপেও। কাজে যোগ দিতে গেলে তাঁকে বাধার মুখে পড়তে হবে, এমন হুঁশিয়ারি দিয়েই পোস্টার সাঁটানো হয়ে হাসপাতালে। এরপরই স্বাস্থ্য দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে বিরূপাক্ষকে সাসপেন্ড করার কথা জানানো হয়। সিবিআই জিজ্ঞাসাবাদের মুখেও পড়েছেন তিনি।