
শেষ আপডেট: 6 November 2023 14:44
দ্য ওয়াল ব্যুরো: ফের দুরন্ত সাফল্য বেঙ্গল এসটিএফ-এর। দক্ষিণ ২৪ পরগনায় বেআইনি অস্ত্রকারখানার হদিশ মিলল। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
গোপন সূত্রে খবর পেয়ে বাসন্তী থানার অন্তর্গত তিতকুমার বটতলা এলাকায় তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ-এর আধিকারিকরা। সেখান থেকেই তিনজন দুস্কৃতীকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করতেই মেলে বেআইনি অস্ত্রকারখানার হদিশ। এরপরই বারুইপুর পুলিশ জেলার আধিকারিকদের একটি দলকে সঙ্গে নিয়ে বেঙ্গল এসটিএফ তিতপুকুর অঞ্চলের ওই অস্ত্র কারখানায় তল্লাশি চালায়।
সেই কারখানা থেকে বাজেয়াপ্ত করা হয় ড্রিল মেশিন, ওয়েল্ডিং মেশিন, কাটিং মেশিন, কাটা লোহার পাইপ। এছাড়া পাওয়া গেছে তিনটি ওয়ান শটার পাইপগান ও একটি লং ব্যারেল বন্দুক।
যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে তারা হল ইস্তাহার গাইন, বয়স ৭২ বছর, হাসানুর গাইন, বয়স ২৯ বছর এবং মোঃ রিয়াজ খান, বয়স ৪৫ বছর। তারা প্রত্যেকেই তিতপুকুর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত ৩ জনকে আজ সোমবার আলিপুর আদালতে তোলা হবে।