দ্য ওয়াল ব্যুরো : তেলেঙ্গানায় তরুণী পশু চিকিৎসককে পুড়িয়ে মারার ঘটনায় দেশ যখন উত্তাল তখন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জানিয়ে দিলেন, তিনি মঙ্গলবার থেকে যন্তর মন্তরে অনশনে বসছেন। টুইট করে তিনি জানিয়েছেন, বেলা ১০ টা থেকে অনশন ধর্মঘটে বসবেন। কেন্দ্রীয় সরকার যদি আশ্বাস দেয়, ছ'মাসের মধ্যে ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, তবেই উঠবেন।
https://twitter.com/ANI/status/1201476490379948032
গত বুধবার রাত ৯টা ২০ নাগাদ পশুচিকিৎসক ওই তরুণীকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়। তাঁর স্কুটির চাকা পাংচার করে দিয়েছিল অভিযুক্তরা। তার পরের এক ঘণ্টার মধ্যেই তাঁকে গণধর্ষণ করে পুড়িয়ে মারে তারা। ধরা পড়ার পরে অভিযুক্তরা স্বীকার করেছে, তরুণী যাতে চিৎকার না করতে পারেন, সে জন্য তাঁর গলায় জোর করে মদ ঢেলে দিয়েছিল। এমনকি তরুণীকে পোড়াতেও তাঁরই স্কুটির পেট্রোল ঢালা হয়েছিল বলেও স্বীকার করেছে তারা।
নিহত তরুণীর মায়ের অভিযোগ, ঘটনার কথা জানার পরে পুলিশে অভিযোগ দায়ের করতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায় তাঁদের। শেষমেশ যখন তদন্ত শুরু হয়, তখন অনেকটা দেরি হয়ে গেছে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তারা অভিযোগ পাওয়ামাত্র তৎপর হয়ে তল্লাশি শুরু করে এবং দু’দিনের মধ্যেই গ্রেফতার করে ফেলে চার অভিযুক্তকেই।
ওই ঘটনার প্রতিবাদে গত শনিবার অনু দুবে নামে এক তরুণী একাই সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখান। তাঁর হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা ছিল, ভারতে আমি নিজেকে নিরাপদ ভাবতে পারছি না কেন? পুলিশ তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। সেই ঘটনা নিয়ে সরব হন স্বাতী মালিওয়াল।