
শেষ আপডেট: 16 February 2023 14:18
দ্য ওয়াল ব্যুরো: আইআইটি বম্বের ছাত্র দর্শন সোলাঙ্কির (Darshan Solanki) আত্মহত্যার ঘটনায় তোলপাড় হয়ে উঠেছে ক্যাম্পাস (IIT Bombay Student Death Case)। তার মৃত্যুর খবর সামনে আসতেই উঠেছে, জাতিবৈষম্যর (Caste Discrimination) অভিযোগ। দর্শনের পরিবারের দাবি, ছেলের মুখে প্রায়ই শোনা যেত হস্টেল হোক বা ক্যাম্পাস, প্রায়ই দলিত হওয়ায় মানসিক নির্যাতনের শিকার হতে হতো। শুধু পরিবার নয়, তাঁর সিনিয়রদেরও এই বিষয়ে জানিয়েছিল দর্শন!
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি হস্টেলের ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে দর্শন। হস্টেলের নিরাপত্তারক্ষীরা রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাকে। তারপরই খবর দেওয়া হয় পুলিশ ও আইআইটি-র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আত্মহত্যার মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
দর্শনের পরিবারের অভিযোগ, রোজ রোজ ক্যাম্পাসে মানসিক নির্যাতন সহ্য করতে হয় তাদের ছেলেকে সেই কথা বারবার জানিয়েছিল বাড়িতে। এমনকী আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার।
প্রথম দিন থেকেই আইআইটি বম্বে কর্তৃপক্ষ পরিবারের দাবি অস্বীকার করেছে। তবে এই মৃত্যু নিছক দুর্ঘটনা বা অবসাদজনিত আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নয় দলিত সংগঠন। আইআইটি বম্বের আম্বেদকর পেরিয়ার ফুলে স্টাডি সার্কেল (এপিপিএসসি)-র তরফে টুইট করা হয়েছে, ‘১৮ বছরের দলিত ছাত্র দর্শন সোলাঙ্কির মৃত্যুতে আমরা মর্মাহত। এটা নিছক আত্মহত্যার ঘটনা নয়, এটা প্রাতিষ্ঠানিক হত্যা।’
এপিপিএসসি তরফে এক সদস্য জানান, ২০১৪ সালে অঙ্কিত আম্ভোরের মৃত্যুর পর একটি কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির দেওয়া প্রস্তাব এখনও বাস্তবায়িত হয়নি। শুধুমাত্র এসসি/এসটি সেল তৈরি করা হয়েছে, তবে তাদের হাতে কোনও ক্ষমতা দেওয়া হয়নি।
ট্রেনে কাটা পড়ে হাতি মৃত্যু বাড়ছে উত্তর-পূর্ব সীমান্তে, ২০১৪ সাল থেকে সংখ্যাটা চমকে দেওয়ার মতো