দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের সতর্কতায় বড় সিদ্ধান্ত নিল বম্বের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। জানিয়ে দেওয়া হল, এবছর আর মুখোমুখি ক্লাস হবে না। পুরোটাই হবে অনলাইনে।
একটি ফেসবুক পোস্টে আইআইটি বম্বের ডিরেক্টর, অধ্যাপক শুভাশিস চৌধুরী জানিয়েছেন, "দীর্ঘ আলোচনার পর বম্বে আইআইটি এই সিদ্ধান্ত নিয়েছে।" এই প্রথম কোনও বড় শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দিনে একটা বড় সময়কে পঠনপাঠনকে ভার্চুয়াল করানোর সিদ্ধান্ত নিল।
তিনি ফেসবুক পোস্টে লিখেছেন,"বম্বে আইআইটির কাছে ছাত্রছাত্রীরাই প্রধান অগ্রাধিকারের জায়গায় রয়েছেন। চলতি সেমেস্টার কী ভাবে শেষ করা যায় সে ব্যাপারেও প্রাথমিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
গতকাল, বুধবার বম্বে আইআইটি কর্তৃপক্ষ ম্যারাথন বৈঠক করে। তাতে স্থির হয়, চলতি সেমেস্টার শেষ কী ভাবে করা যাবে সে ব্যাপারে পরামর্শ দেবেন তিনজন বিশেষজ্ঞ। তারপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। মধ্যাহ্ন ভোজের বিরতির পর ফের দ্বিতীয় দফার বৈঠক শুরু হয়। চলে রাত পর্যন্ত। তাতে স্থির হয়, ছাত্রদের স্বাস্থ্যের চেয়ে আর কোনও কিছু গুরুত্বপূর্ণ হতে পারে না। তাই এ বছরের বাকি সময়টা ক্লাস হবে অনলাইনে।
অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিলেই শুধু হবে না। ছাত্রদের বাড়িতে উপযুক্ত পরিকাঠামো থাকাটাও জরুরি। আইআইটিতে বহু মেধাবী ছাত্রছাত্রী সুযোগ পান যাঁরা আসলে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে এসেছেন। তাঁদের কী হবে? তাঁদের যদি.ন্যূনতম সাহায্য না করা যায় তাহলে তো বঞ্চিত করা হবে। এই প্রসঙ্গ উত্থাপন করে বম্বে আইআইটির ডিরেক্টর অধ্যাপক শুভাশিস চৌধুরী নিজেই বলেন, "পাঁচ কোটি টাকার বাজেট করা হয়েছে। অর্থনৈতিক ভাবে দূর্বল ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করার উপকরণ দেবে আইআইটি বম্বে কর্তৃপক্ষ।"
মার্চের মাঝামাঝি সময় থেকেই দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে লকডাউন চলছে। বাতিল হয়ে গিয়েছে বহু পরীক্ষা। স্থগিতও রয়েছে বেশ কিছু বোর্ডের পরীক্ষা। ইতিমধ্যেই অনেক বেসরকারি স্কুল অনলাইন ক্লাস শুরু করেছে। তবে সবটাই অস্থায়ী। কিন্তু আগামী কয়েক মাসের জন্য পাকাপাকি ভাবে ভার্চুয়াল ক্লাসের সিদ্ধান্ত নিল বম্বে আইআইটি। শিক্ষামহলের অনেকের মতে বম্বে আইআইটির এই সিদ্ধান্ত অনেক প্রতিষ্ঠানকেই রাস্তা দেখাবে।