
শেষ আপডেট: 10 June 2023 18:40
দ্য ওয়াল ব্যুরো: টেনিস জীবনের চতুর্থ গ্র্যান্ডস্লাম জিতলেন পোল্যান্ডের তারকা ইগা স্বোয়াতেক। তিনি শনিবার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হারালেন ক্যারোলিনা মুচোভাকে ৬-২, ৫-৭, ৬-৪ সেটে। তিনি এর আগে তিনবার রোলা গাঁরোয় খেতাব পেয়েছেন। এই নিয়ে হ্যাটট্রিক হল ২২ বছরের পোলিশ তরুণীর। জিতে চোখের জলে ভাসালেন আঙিনা।
প্রথম সেট জেতেন ৬-২ ব্যবধানে। দ্বিতীয় সেটেও টানা ৩ পয়েন্ট নিয়ে অ্যাডভান্টেজ ছিলেন ইগা। চতুর্থ গেমে ঘুরে দাঁড়ান ক্যারোলিনা। টানা দুটি গেম জিতে ২-৩ করেন। এর পর থেকে অনবদ্য লড়াই শুরু হয়।
এক ঘণ্টার বেশি সময় লাগে দ্বিতীয় সেটের ফয়সালা হতে। প্রতিরোধ গড়ার তোলার মরিয়া চেষ্টা করেছেন ক্যারোলিনা। তিনি ওই সেট জেতেনও। পরের সেটে ফিরে আসেন ইগা, একেবারে স্বমেজাজেই। মোট ২ ঘণ্টা ৪৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ হাসি বিশ্বের একনম্বর মহিলা টেনিস তারকার।
গত বছরেও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন ইগা স্বোয়াতেক। এবার সেই খেতাব তিনি ধরে রাখতে সক্ষম হয়েছেন। সেমিফাইনালে দারুণ খেলেছিলেন বিপক্ষ ক্যারোলিনা। কিন্তু ইগা বুঝিয়ে দিয়েছেন বড় আসরে জিততে গেলে দরকার ফিটনেস ও মানসিক কাঠিন্য। তাতেই বাজিমাত করে দিয়েছেন তিনি।