
ফিরহাদ হাকিম।
শেষ আপডেট: 17 March 2025 16:57
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। একুশের মতো ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে এখন থেকেই বিভিন্ন সভাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী Suvendu Adhikari) দাবি করছেন, 'আগামী বছর বাংলায় পালা বদল হবেই। তৃণমূল আর ক্ষমতায় ফিরতে পারবে না'।
এমন পরিস্থিতিতে বিজেপির ঘর ভাঙন নিয়ে বলতে গিয়ে সোমবার শুভেন্দুকেই বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গত সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধাযক তাপসী মণ্ডল। রাজনৈতিক মহলে গুঞ্জন, দলবদলের তালিকায় পা বাড়িয়ে রয়েছেন বিজেপির আর কয়েকজন বিধায়ক। এ প্রসঙ্গে সোমবার ফিরহাদ যা বলেছেন, তার পর রাজনৈতিক মহলে দলবদলের জল্পনা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।
এদিন ফিরহাদ বলেন, "ওদের (বিজেপির) অনেকেই আসতে চাইছেন। এভাবে চলতে থাকলে একটা দিন হবে যেদিন শুভেন্দুর বিরোধী দলনেতার পদটাও থাকবে না! কারণ, বিজেপির ওই মর্যাদাটাই থাকবে না!"
২১ এর ভোটে ৭৭টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। পরে কমতে কমতে তা এসে ঠেকেছে ৬৫তে। ২৯৪টি আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম ৩০টি আসন প্রয়োজন। ফিরহাদের দাবি অনুযায়ী, অচিরেই বিজেপির অন্তত আরও ৩৬ জন বিধায়ক তৃণমূলে চলে আসতে পারেন। তালিকায় কারা কারা রয়েছেন? জল্পনা উস্কে ফিরহাদ বলেন, "দরজা খুললে তো ওরা পুরোপুরি খালি হয়ে যাবে।"
রাজ্যের মন্ত্রীর দাবি, "মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের সঙ্গে আছেন তাতে বিরোধীদের লড়াই করার জায়গা নেই। বিজেপির সদস্যরাও একান্তে আমাদের বলছেন, তাঁরা মমতাদির উন্নয়নের সঙ্গে আছেন। যে কারণে বিরোধী দলের অনেকেরই আর আন্দোলনে উৎসাহ নেই।"
একই সঙ্গে বেআইনি নির্মাণ প্রসঙ্গে গার্ডেনরিচের প্রসঙ্গ টেনে ফিরহাদের দাবি, এখন রোস্টার মেনে কাজ হয়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ররা নিয়মিত তদারকি করছেন। এর ফলে কলকাতায় বেআইনি নির্মাণ হওয়ার চান্স একেবারেই নেই।