
শেষ আপডেট: 12 February 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইলের জন্য। এমন ঘোষণায় খুশি অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাঁদের কথায়, প্রয়োজন থাকলেও দামের জন্য এতদিন কিনতে পারেননি। এবার প্রয়োজনের সেই জিনিসটাই পাবেন বিনামূল্যে।
বুধবার রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হল তাদের যে কাজ সেই কাজে মোবাইল কেনার জন্য। শিশুদের পুষ্টি, মায়েদের স্বাস্থ্য বিষয়ক নানা কাজের জন্য আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দরকার হয়। কারণ তার জন্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া অ্যাপ ডাউনলোড করতে হয়। সেই কাজ করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদের।
অ্যান্ড্রয়েড ফোন কেনার অনেকের ক্ষমতা নেই, কোনওভাবে ফোন কিনলেও সেই ফোন এই কাজের হয়তো উপযোগী ছিল না। কারণ যে ভাতা তারা পান সেই ভাতা দিয়ে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দামের ফোন কেনা তাদের পক্ষে কষ্টসাধ্য ছিল। সেই বরাদ্দের ফলে ওই কর্মীদের সরকারি টাকায় ফোন দেওয়া হবে তাতে স্বাভাবিকভাবেই খুশি অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীরা।
আশাকর্মী মিতা সাহা, পিয়ালী দাস, অঙ্গনওয়াড়ি কর্মী সুমিত্রা সরকাররা বলেন, "আমাদের অনেকের বাড়িতেই একটাই ফোন। ছেলেমেয়েরা অনলাইনে পড়াশোনা করে। অনেক সময় কাজ করতে গিয়ে সেই ফোন হ্যাং করে যায় । অ্যাপ ডাউনলোড করা যায় না। সরকারি মোবাইল পেলে এবার থেকে আমাদের কাজের খুব সুবিধা হবে।" কেউ কেউ আবার মোবাইল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ভাতা বাড়ানোর কথাও বলেন।